কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের
সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদে ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের মাটি ভরাট, দখল ও বাঁধ নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, তালা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী, তালা থানার ওসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘কপোতাক্ষ নদের বুকে বাঁধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করা হয়। রিটে স্থানীয় সরকার সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ জনকে বিবাদী করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রুলে কপোতাক্ষ নদ রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। কপোতাক্ষ নদে মাটি ভরাট, অবৈধ দখল ও বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।