কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত
কপোতাক্ষ নদে পানি উন্নয়নের বোর্ডের বেড়িবাঁধ ভেঙে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চাকলা গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রবল জোয়ারের তোড়ে এ বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে দেড় শতাধিক বাড়িতে পানি ঢুকেছে। ডুবে গেছে শতাধিক চিংড়িঘের।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, কপোতাক্ষ নদের ঝাপা ও কুড়িকাউনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ফাটল দেখা দেয়। একপর্যায়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। এ অবস্থায় বিষয়টি লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়। তবে বোর্ড জানিয়েছে, বরাদ্দ না পেলে কিছু করা সম্ভব নয়।
ইউপি চেয়ারম্যান জানান, গতকাল বৃহস্পতিবার তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুই শতাধিক মানুষ নিয়ে ঝাপা ভাঙনকবলিত এলাকায় কাজ শুরু করেন। তবে রাত সাড়ে ১০টার দিকে জোয়ারের তোড়ে ৩০০ ফুট বাঁধ ভেঙে গ্রামে পানি ঢোকা শুরু করে। তিনি বলেন, মেরামত না করলে কুড়িকাউনিয়া এলাকার বাঁধও যেকোনো সময় ভেঙে এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝাপা গ্রামের হাবিবুল বিশ্বাস, রউফ সানা ও মোস্তাফিজুর ঢালী জানান, রাতে বাঁধ ভেঙে দেড় শতাধিক বাড়ির আঙিনায় পানি ঢুকেছে। বাঁধ মেরামত করা না গেলে তাঁদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের আশাশুনি শাখা কর্মকর্তা সোহরাব হোসেন বাঁধ ভেঙে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।