কপোতাক্ষপারের ইটভাটা তিনটি বন্ধ, জরিমানা
পরিবেশ অধি-দপ্তরের খুলনা কার্যালয় পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদ দখল করে গড়ে তোলা ইটভাটা তিনটি বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে দুটি ভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।জানা যায়, ১৩ মার্চ প্রথম আলোয় ‘সুন্দরবনের গাছ, কপোতাক্ষের মাটি কেটে তৈরি হচ্ছে ইট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় ভাটাগুলো বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি ভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে হাজির হতে বলা হয়।নোটিশে বলা হয়, নির্দেশ পাওয়ার তিন দিনের মধ্যে ভাটা বন্ধ না করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাটার মালিকেরা ১৮ মার্চ নোটিশ পান। পরদিন তাঁরা ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন। একই দিন বিএকে ইটভাটার মালিক কামরুল হোসেন খান ও এমকে ব্রিকসের মালিক অহিদুজ্জামান পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে হাজির হন। তাঁদের দুজনকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এদিকে অপর ইটভাটা বিএসকের মালিক মহিউদ্দিন হোসেন খান হাজির না হওয়ায় তাঁকে জরিমানা করা যায়নি। তাঁকে সমপরিমাণ অর্থ জরিমানা করা হবে। পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, জরিমানার টাকা তাঁরা এখনো দেননি। দু-এক দিনের মধ্যে না দিলে আইনের সহায়তা নেওয়া হবে।