কপোতাক্ষের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প ভেস্তে যাওয়ার উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সমন্বয়হীনতার কারণে প্রায় ২৬২ কোটি টাকার ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ প্রকল্প ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। নির্ধারিত সময়ের পর এক বছর পেরিয়ে গেলেও নদের নাব্যতা ফিরিয়ে আনতে তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারাধার তৈরি করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, জোয়ারাধার চালু করা না গেলে কপোতাক্ষ নদ খনন ফলপ্রসূ হবে না। এ কারণে এখনো নদের খননকাজ শুরুই করা হয়নি। চিংড়ি ঘের মালিক বিশ্বনাথ ঘোষ জোয়ারাধার বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে অন্য লোক দিয়ে আদালতে মামলা করিয়েছেন। এ ছাড়া স্থানীয় মানুষকে ভুল বুঝিয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি করায় পাখিমারা বিলে জোয়ারাধার বাস্তবায়ন করা যাচ্ছে না। গত বছরের ১৮ জুন হাইকোর্টে একটি রিট করলে আদালত জোয়ারাধার স্থগিত রাখার জন্য ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। গত ১৭ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসককে জানানো হয়েছে। তার পরও তিনি জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের নোটিশ দেননি।

জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার জানান, চলতি বছরের এপ্রিল মাসে তাঁর দপ্তরে জমির মালিকদের ক্ষতিপূরণের জন্য টাকা পাঠানো হয়েছে। এর পরপরই জমির মালিকদের নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু মামলার কার্যকারিতা নেই। এ ব্যাপারে পাউবোর পক্ষ থেকে এখন পর্যন্ত দাপ্তরিকভাবে তাঁকে কিছু জানানো হয়নি।

পাউবো সূত্রে জানা যায়, ২০১০-২০১১ অর্থবছরে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬১ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পের প্রধান কাজ হলো কপোতাক্ষ নদের ৯০ কিলোমিটার পুনর্খনন ও তালা উপজেলার পাখিমারা বিলে ৬৪০ হেক্টর জমির ওপর জোয়ারধারা বাস্তবায়ন। জোয়ারাধার বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। প্রথম দুটি অর্থবছরে জোয়ারাধার বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ২৮ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প এলাকার জমির মালিকদের ক্ষতিপূরণের জন্য ১৩ কোটি টাকা সাতক্ষীরা জেলা প্রশাসকের রাজস্ব বিভাগে জমা রয়েছে। জোয়ারাধার বাস্তবায়নের লক্ষে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের কাজ শুরু হয় ২০১২ সালের ১২ মার্চ। বাঁধ নির্মাণ ও সংযোগ খাল খননসহ যাবতীয় কাজ শেষ করে ২০১২ সালের ২৩ জুনের মধ্যে জোয়ারধার চালু করার কথা।

কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি সফিকুল ইসলাম জানান, তিন মাসের মধ্যে জোয়ারাধার প্রকল্প বাস্তবায়ন করা না গেলে কপোতাক্ষ আরও ভরাট হয়ে যাবে। এতে প্রকল্পভুক্ত এলাকায় পানি ঢোকানো যাবে না। ফলে সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার কপোতাক্ষ পাড়ের প্রায় ৩০ লাখ মানুষ জলাদ্ধতার মধ্যে পড়বে।

বিশ্বনাথ ঘোষের সঙ্গে যোগাযোগে চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি। তাঁর প্রতিষ্ঠানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর চিংড়ি ঘেরের তদারকির দায়িত্বে থাকা আলমগীর হোসেন মোড়ল জানান, পাখিমারা বিলে তাঁর মালিকের ৫৮০ বিঘা চিংড়ি ঘের রয়েছে। তার মধ্যে আনুমানিক ৬০-৭০ বিঘা খাস জমি রয়েছে। মামলার বাদী আয়ুব আলী সরদার বলেন, ‘না বুঝেই বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মামলা করেছিলাম। এখন ওই মামলার কার্যকারিতা নেই। আমরাও চাই এখানে জলাধার হোক।’