কপোতাক্ষের জলাবদ্ধতা নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসনের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গতকাল বুধবার পানিসম্পদ, ভূমি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ দেয়। এ ছাড়া বিভাগীয় কমিশনার, তিন জেলার প্রশাসক ও এসব অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীদের কাছে নোটিশ দেওয়া হয়েছে।নোটিশে বলা হয়, খুলনা জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যশোরের চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর; সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও আশাশুনি এবং খুলনার কয়রা উপজেলার ১০ লক্ষাধিক মানুষ।এতে আরও বলা হয়, জলাবদ্ধতা নিরসনে নদী খননসহ বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করা হলেও পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ না করায় প্রকৃত সমস্যার কোনো সমাধান হয়নি। ফলে এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রাস্তাগুলো তিন-চার ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। এ ছাড়া হাজার হাজার একর আবাদি জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। কৃষিজমি বছরের সাত-আট মাস জলমগ্ন থাকায় একটির বেশি ফসল তুলতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন কৃষকেরা। এলাকায় গো-সম্পদ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।নোটিশে ওই সব বিষয়ে গৃহীত পদক্ষেপ ১৫ দিনের মধ্যে বেলাকে অবহিত করতে বলা হয়েছে।জানতে চাইলে বেলার গবেষণা কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, সংকট নিরসনে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয় সে জন্য বেলার পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।