কপোতাক্ষের বুকে ৭ কি.মি. বাঁধ
হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে কপোতাক্ষ নদের প্রায় মাঝখান দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি বাঁধের পাশে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের কাজ চলছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের আওতায় এ কাজ করা হচ্ছে।সিডিএমপির কার্যালয় থেকে জানা গেছে, ইউনিয়নের কানাইদিয়া এলাকায় এক কোটি তিন লাখ ৩৫ হাজার ১৫৫ টাকা ব্যয়ে সাড়ে ৩০০ ফুট দীর্ঘ ও ২০০ ফুট প্রস্থের একটি পুকুর, একটি কবরস্থান ও প্রায় সাড়ে ৭ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এ কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারির মধ্যে।যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, তাঁদের কিছু না জানিয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এ ব্যপারে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।৭ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, কপোতাক্ষ নদের প্রায় মাঝ বরাবর সাত কিলোমিটারের মধ্যে ছয় কিলোমিটার বাঁধের নির্মাণকাজ শেষ হয়েছে। বাঁধের উত্তর পাশে নদের সাত বিঘা জায়গায় পুকুর খনন করা হচ্ছে। পুকুর খননের মাটি দিয়ে পাশেই নির্মাণ করা হচ্ছে কবরস্থান। পুকুর খননের কাজ করছেন ২৫০ জন শ্রমিক। জালালপুর ইউপি চেয়ারম্যানের পক্ষে কাজের তদারকি করছেন কানাইদিয়া গ্রামের করিম গাজী ও নুরুল ইসলামসহ চারজন। করিম গাজী বলেন, এখানে কপোতাক্ষ নদের প্রস্থ ছিল ৫০০ ফুটেরও বেশি। কিন্তু কানাইদিয়া বটতলা থেকে কানাইদিয়া মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় নদের জায়গা ৩০০ ফুট ছেড়ে দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। ফলে কপোতাক্ষসহ ওই এলাকা সংকুচিত হয়ে পড়েছে। কপোতাক্ষের পাশে অবস্থিত কানাইদিয়া গ্রামের বাসিন্দারা জানান, পুকুর খনন আর কবরস্থান করলে পরবর্তী সময়ে কপোতাক্ষ খনন করা সম্ভব হবে না। এমনিতেই কপোতাক্ষ সংকুচিত হয়ে পড়ায় বর্তমানে বছরের নয় মাস এ গ্রামের মানুষ পানিবন্দী থাকে। বাঁধ, পুকুর ও কবরস্থান সবই করা হচ্ছে কপোতাক্ষের ভেতরে।জানতে চাইলে সিডিএমপির প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা শাহাদাত্ হোসেন বলেন, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকল্পটি গ্রহণ করেন। তাঁরাই বলতে পারবেন, কীভাবে নদের জায়গায় পুকুর খনন করা হচ্ছে। পিআইও জালাল আহমেদ জানান, তাঁরা প্রকল্প দিয়েছেন ঠিকই। কিন্তু তা যাচাই-বাছাইসহ বিস্তারিত দেখার দায়িত্ব সিডিএমপি কর্তৃপক্ষের। তারা সরাসরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দিয়ে কাজ করাচ্ছেন।তালার ইউএনও মাহবুবুর রহমান বলেন, ওই এলাকায় পানির সমস্যা সমাধানের জন্য পুকুর দরকার। কিন্তু তার জন্য কপোতাক্ষের জায়গায় পুকুর খনন করা ঠিক নয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম জানান, তাঁদের এলাকায় খাবার পানির খুবই সমস্যা। তা ছাড়া মানুষ মারা গেলে এখানে কবর দেওয়ার জায়গা নেই। সবকিছু বিবেচনা করে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।কেন্দ্রীয় পানি উন্নয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ সফিকুল ইসলাম জানান, গত বছরের ফেব্রুয়ারিতে কাজের বিনিময় খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় তালা সদর ও খলিলনগর ইউনিয়নে কপোতাক্ষ নদের ভেতর দিয়ে বেড়িবাঁধ নির্মাণ শুরু হয়। এর বিরুদ্ধে ওই বছরের ৪ মার্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোর্শেদ হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত কপোতাক্ষ নদের বুকে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ ও সব ধরনের কাজ বন্ধের জন্য রুল জারি করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন।