কফির রকমফের

হালকা শীত। ধোঁয়া ওঠা কফির মগে একটু চুমুক। মন্দ হয় না। সঙ্গে যদি থাকে বই কিংবা অফুরন্ত আড্ডা। তাহলে তো কথাই নেই। রাজধানীর কফি শপগুলো এখন বেশ জমে উঠছে। দেশি-বিদেশি অনেক কফি শপই এখন ঢাকায়। সময় কাটানোর অন্যতম জায়গা হিসেবেও এগুলো জনপ্রিয়।
আমেরিকান চেইন ক্রিমসন কাপ কফি ঢাকায় যাত্রা শুরু ২০১৫ সালে। বনানী, ধানমন্ডি ও ঢাকা ক্লাবে এদের শাখা। ঢাকায় এটি ক্রিমসন কাপ বিডি হিসেবে পরিচিত। এর ধানমন্ডি শাখার তত্ত্বাবধায়ক সৈয়দ আবরার কফির প্রতি মানুষের টান নিয়ে বলেন, ‘দেখা যায় কফি খেতে খেতে অনেকে একটা বই পড়ে ঘণ্টা তিনও পার করে দেন। অনেক মা আসেন স্কুলে বাচ্চাদের পৌঁছে দেওয়ার পর। আড্ডা তো আছেই।’ আরও বললেন, এখানে কফি খেতে খেতে যে কেউ নিজেদের ইচ্ছেমতো সময় কাটাতে পারবে। কোনো তাড়া নেই। এসপ্রেসো, আমেরিকানো, কাপুচিনো, লাতে, মোকাসহ সব ধরনের কফিই পাওয়া যাবে। ক্রিমসন কাপ মোকাটা বেশি জনপ্রিয়। দাম পড়বে ৩২২ টাকা। এ ছাড়া কফি পাওয়া যাবে ১৩৫ টাকা থেকে ৫১৮ টাকায়।
কফি ওয়ার্ল্ড বেশ পুরোনো একটি কফি শপ। এটি ২০০৬ সালে বনানীতে প্রথম চালু হয়। উত্তরা, ধানমন্ডিসহ তিনটি শাখা আছে। কফি ওয়ার্ল্ড ধানমন্ডি শাখার তত্ত্বাবধায়ক বিকাশ দাস বলেন, ‘২৬ ধরনের কফি পাওয়া যাবে এখানে। হ্যাজেলনাট কাপুচিনো ডিলাইট, ক্যারামেল মাসিয়াতো ও ক্যাফে লাতে বেশি চলে।’ কারণ জানতে চাইলে বলেন, ‘বাঙালিরা একটু লাইট খেতে পছন্দ করে। এগুলোতে মিল্কের পরিমাণ বেশি থাকে।’ এই কফি বীজ আনা হয় ব্রাজিল থেকে। এখানে কফির দাম ১৮০ থেকে ৩৭৫ টাকার মধ্যে। এ ছাড়া এসপ্রেসো শট পাওয়া যাবে ১৮০ টাকায়। তবে বিদেশিদের কাছে এর চাহিদা বেশি।
সাকিরা কাদিরের প্রতি সপ্তাহেই কফি শপে আসা চাই। চেষ্টা করেন ভিন্ন ভিন্ন স্বাদ নিতে। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির সীমান্ত স্কয়ারের জর্জ’স ক্যাফেতে বন্ধুকে নিয়ে এসেছেন। সাকিরা বলেন, ‘কাপুচিনোটাই বেশি ভালো লাগে। এটা বেশি স্ট্রং না।’ এই ক্যাফের সিনিয়র পরিবেশক কনক হোসাইনও বললেন, কাপুচিনো ও লাতে মানুষ বেশি পছন্দ করে। জর্জ’স নর্থ এন্ডের কফি বিন ব্যবহার করে। বিভিন্ন স্বাদের কফির দাম পড়বে ১৩০ থেকে ২৭০ টাকা।
অস্ট্রেলিয়াভিত্তিক ফ্র্যাঞ্চাইজি গ্লোরিয়া জিনস কফিস ২০১২ সালে ঢাকায় আসে। তাদের তিনটি শাখা আছে। ‘লাতে ব্যারি ভ্যানিলাটা’ বেশি জনপ্রিয়। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা। এখানে আছে ৬৪টি স্বাদের কফি। স্বাদভেদে দাম ১৯৬ টাকা থেকে ৫০০ টাকা।
ঢাকার অন্যতম জনপ্রিয় একটি গুলশানের কফি শপ নর্থ অ্যান্ড কফি রোস্টারস। ২২ রকম স্বাদের কফি পাওয়া যাবে। এদের ভ্যানিলা, ক্যারামেল, হ্যাজেলনাট, পিপারমিন্ট স্বাদের কফি অনেক চলে। ডার্ক ও হোয়াইট চকলেটটাও জনপ্রিয়। স্বাদভেদে দাম ১৫৫ টাকা থেকে ৪৬০ টাকা।
বিনস অ্যান্ড অ্যারোমার উত্তরা শাখা ব্যবস্থাপক জুলিয়ান গোমেজ বললেন, তাদের ১৬ রকম স্বাদের কফি আছে। ক্যারামেল চিলার, হ্যাজেলনাট চিলার, ভ্যানিলা চিলার ও কুকিজ ক্রিম ক্রাশার বেশ চলে। এখানে দাম পড়বে ১২৫ টাকা থেকে ২৫৫ টাকা।
দেশীয় কফি শপ কফি রিপাবলিক। এটি গুলশানেই। প্রায় ১৩ রকম স্বাদের কফি আছে। হ্যাজেলনাট বেশ জনপ্রিয়। কফির দাম ১৬০ থেকে ২৭০ টাকা। এখানকার ব্যবস্থাপক মাহমুদুল কবির বললেন, বীজ আসে দক্ষিণ আমেরিকা থেকে।
উত্তরা, গুলশান এবং কারওয়ান বাজার বারিস্তা লাভাৎজ্জায় কাপুচিনো, লাতে, এসপ্রেসো, মোকাসহ অনেক ধরনের কফি পাওয়া যাবে।