কবজি হারানো সিয়াম এইচএসসি উত্তীর্ণ

ঝড়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাতের কবজি হারানো শরীয়তপুরের নড়িয়ার বিঝারী গ্রামের কলেজছাত্র সিয়াম খান তাঁর স্বপ্নজয়ের লড়াইয়ে একটি সফলতা পেয়েছেন। সব বাধা অতিক্রম করে সিয়াম এবার নড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।
কলেজ কর্তৃপক্ষ সিয়ামের লেখায় সহযোগিতা করার জন্য একজন ‘রাইটার’ দিয়েছিলেন। সেই রাইটারের হাত দিয়ে লিখে সিয়াম জিপিএ-৪.৮০ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন। সিয়ামের স্বপ্ন, পড়ালেখা শেষ করে নিজ যোগ্যতায় সরকারি চাকরি করবেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করতে চান তিনি।
সিয়াম খান প্রথম আলোকে বলেন, ‘আজ আমার চোখে দুই ধরনের অশ্রু। আনন্দাশ্রু ও বেদনার অশ্রু। বেদনার অশ্রু এ কারণে যে মাঝেমধ্যে মনে হয় আমি সমাজের বোঝা হয়ে গেলাম। আর আনন্দাশ্রু এ কারণে যে মনে হয় আমি পারব মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকতে। সমাজের বোঝা নয়, সম্পদ হয়ে বাঁচতে চাই।’
সিয়ামের মা নাজমা বেগম বলেন, ‘হাত অকেজো হওয়ার কারণে জীবন যাপন করতে অনেক কষ্ট হচ্ছে তার। সিয়াম যখন স্বাভাবিক ছিল, তখন ও নিজে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাত। আমাদের সংসারেও টাকা দিত। এখন কোনো কিছু করতে পারে না। ছেলেটা যেন এই সমাজে অবহেলার শিকার না হয়, সে জন্য যত দূর পারব তাঁকে লেখাপড়া করাব।’ সিয়ামের উচ্চশিক্ষার জন্য সমাজের সবার সহযোগিতা চান মা নাজমা বেগম।
সিয়ামের বাবা ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। তবুও ধারদেনা ও জমি বিক্রি করে ওর চিকিৎসা করতে এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। এখন পথে বসে গেছি, আর পারছি না। কষ্ট করে হলেও ছেলেকে পড়ালেখা করাব। ও আজ আমার মাথা উঁচু করে দিয়েছে। আমার আনন্দ লাগছে, আমাদের সিয়ামকে সমাজের বোঝা হয়ে বেঁচে থাকতে হবে না।’
নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক বলেন, ‘সিয়াম মেধাবী ছাত্র। কলেজ থেকে তাঁকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। সিয়ামের ইচ্ছাশক্তি প্রকট—অনেক কষ্ট করে লেখাপড়া করছে। আমরা তাঁকে নিয়ে গর্ব করি। এমন মেধাবী ছাত্র থেমে যাবে, তা হতে পারে না। আমরা সিয়ামের পাশে থাকব।’
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, দুর্ঘটনার পর থেকেই জেলা প্রশাসন সিয়ামের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে। সে যাতে লেখাপড়া চালিয়ে নিতে পারে, সেই ব্যবস্থা করা হবে।
গত বছরের ৫ এপ্রিল ঝড়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে পড়েন সিয়াম। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাঁর দুই হাতের কনুইয়ের নিচে থেকে কেটে ফেলতে হয়। এ ছাড়া তাঁর মেরুদণ্ডসহ শরীরে বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। ২৬ মে তাঁকে বার্ন ইউনিট থেকে ছাড়পত্র দেন চিকিৎসক। প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে আইনজীবী সিফাত মাহমুদ উচ্চ আদালতে ক্ষতিপূরণ চেয়ে রিট পিটিশন দায়ের করেন। উচ্চ আদালত শুনানি শেষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ক্ষতিপূরণ বাবদ সিয়ামকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন। তবে এখন পর্যন্ত তিনি সেই ক্ষতিপূরণের টাকা পাননি।