কবজির জোরে এইচএসসি পার

জন্মের এক বছরের মাথায় দুই হাতের সব কটি আঙুল আগুনে পুড়ে গিয়েছিল। লেখা কেন, কোনো কাজই করা যেত না হাতের আঙুলগুলো দিয়ে। তারপরও তাঁকে থামানো যায়নি। হাত নেই তো কী হয়েছে। রয়েছে তো দুই কবজি। তারই সাহায্যে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৪২ পেয়েছেন শাহ আলম।
শাহ আলমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামে। তিনি এ বছর হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের শিক্ষার্থী হিসেবে এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন।
উপজেলার পূর্ব বিছনদই গ্রামের একরামুল-মরিয়ম দম্পতির ছেলে শাহ আলম। বাবা বর্গা চাষি। মা গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ।
শাহ আলমের মা মরিয়ম বেগম বলেন, ‘এক বছর বয়সে হঠাৎ একদিন হামাগুড়ি দেওয়ার সময় উঠানের ভুসির আগুনে পড়েছিল শাহ আলম। টাকার অভাবে ওই সময় ভালো চিকিৎসা করতে না পারায় তার সব কটি আঙুল হারাতে হয়।’
পাঁচ বছর বয়সে দুই হাতের আঙুল হারানো শাহ আলম পড়ালেখা করার ইচ্ছা প্রকাশ করে। তাই সন্তানের ইচ্ছা মেটাতেই বাধ্য হয়ে স্কুলে ভর্তি করে দেন মা-বাবা। মা মরিয়ম বললেন, ‘আজ সেই ছেলে আমার এইচএসসি পাস করেছে। এতে আমার কি যে ভালো লাগছে, তা বলতে পারব না।’
স্থানীয় ব্র্যাক স্কুল থেকে লেখাপড়া শুরু শাহ আলমের। এরপর সমাপনী পরীক্ষায় ভালো ফল করায় পড়ালেখার সেই ইচ্ছাশক্তি আরও বেড়ে যায়। তবে পরিবারের অভাব-অনাটন প্রায় সময় বাদ সাধলেও থেমে যাননি শাহ আলম। খেয়ে না-খেয়ে পড়াশোনা চালিয়ে পিএসসি, জেএসসি ও এসএসসিতে ভালো ফল করেন। আর সাফল্যের ধারাবাহিকতায় নতুন সংযোজন এবারের এইচএসসি পরীক্ষা।
পরীক্ষায় সাফল্য পেয়ে খুব খুশি হয়ে বলে শাহ আলম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতার চেয়েও সংসারের অভাব-অনাটনই তাঁর পড়ালেখায় সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায়। তবে সব বাধা পেরিয়ে এসেছি। ভবিষ্যতে ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখি।’
বাবা একরামুল বলেন, তাঁর ছেলে আগুনে দুটি হাতের সব কটি আঙুল হারালেও মনোবল হারাননি কখনো। আর তাই তিনি এখন লেখাপড়া করে ব্যাংকের চাকরি করবেন বলে স্বপ্ন দেখছেন। কিন্তু সাত সদস্যের অভাব-অনাটনের সংসারে চাহিদা মেটাতে গিয়ে ছেলের সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হবে কি না, এমন শঙ্কা বাবা একরামুলের।
হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, শারীরিক আর সাংসারিক প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করেই শাহ আলম কৃতিত্বের সঙ্গে পাস করেছে। এবার তার এগিয়ে যাওয়ার পালা কিন্তু এই এগোনোটাতে যদি সমাজের বিত্তবানেরা তার পাশে দাঁড়ালেই ভবিষ্যতে শাহ আলম আরও ভালো করে তার স্বপ্নটা পূরণ করবে বলে তিনি আশা করেন।