কবর খুঁড়ে বন্ধুকে এনে হত্যার চেষ্টা
বন্ধুকে হত্যা করে কবর দেওয়ার জন্য নির্জন স্থানে গোপনে খনন করে রাখা হয় কবর। পরে কৌশলে বন্ধুকে কবরের পাশে এনে গলায় ছুরি চালানো হয়। তবে গুরুতর জখম নিয়ে বন্ধুদের হাত ফসকে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন ওই বন্ধু। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দোবিলা গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, দোবিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হূদয় জাহান (২২), নজরুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২৩) ও হজরত আলীর ছেলে কান্ডব আলী (২২) ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা তিনজন মিলে জমিতে চাষাবাদ করতেন। চাষাবাদের টাকাপয়সা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার রাত আটটায় রাকিব ও কান্ডব গ্রামের দীঘিরপাড়ের বেগুনখেতের মধ্যে একটি কবর খনন করেন। এরপর কৌশলে হূদয়কে সেখানে ডেকে নিয়ে যান। ওই স্থানে ডেকে নিয়ে তাঁরা হূদয়কে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার জন্য দুবার ছুরি চালান। এ সময় হূদয়ের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তিনি প্রায় ২০০ গজ দূরে স্থানীয় মোছাব্বর হোসেনের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে ওই বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই রাকিব ও কান্ডব পালিয়ে যান। তবে ঘটনাস্থলে এক জোড়া স্যান্ডেল, হূদয়ের পরনের একটি লুঙ্গি ও একটি মুঠোফোন পাওয়া যায়। পরে এলাকার লোকজন হূদয়কে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এ ঘটনায় হূদয়ের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে গতকাল সকালে বাগাতিপাড়া থানায় অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করেছেন। ঘটনার পর অসংখ্য মানুষ ঘটনাস্থলে খনন করে রাখা কবরটি দেখার জন্য ভিড় জমায়।
আনোয়ার হোসেন বলেন, ‘বন্ধু হয়ে বন্ধুর এমন ক্ষতি কেউ করতে পারে, তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আমি এর এমন শাস্তি চাচ্ছি, যেন আর কোনো বন্ধু তার বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে না পারে।’
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জমিজমার টাকাপয়সা নিয়ে বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে হূদয়কে হত্যার পরিকল্পনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে।