কবর খুঁড়ে হুমকি
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে ২৯টি কবর খোঁড়া হয়েছে। ওয়াক্ফ এস্টেটের লবণ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ওই কবরগুলো খোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে লবণ মাঠে চারটি, একটু এগিয়ে পশ্চিমে চঁরিপাড়ার উত্তর পাশে আটটি, সুন্দরীপাড়ার পূর্ব পাশে সাতটি, মৌলভীপাড়ার পশ্চিমে পাঁচটি ও ভোলা খালের চরে পাঁচটি কবর খোঁড়া হয়েছে। আবার একটি কবর থেকে আরেকটির দূরত্ব প্রায় ২০০ হাত।
ইউপি ভবনের সামনের একটি কবরের ওপর গতকাল বুধবার সকালে চিরকুট দেখা যায়। এতে লেখা হয়েছে, ‘যদি বাঁচার মতো বাঁচতে চাও, চেয়ারম্যান বাবুলের সঙ্গে ওয়াকফ এস্টেটের লবণ মাঠ নিয়ে কেনো লেনদেন করবে না। যদি কর, তোমাদের ক্ষতি হবে।’
গত মঙ্গলবার রাতে এসব কবর খোঁড়া হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় লোকজন বলেন, ওয়াক্ফ প্রশাসন থেকে অনুমতি নিয়ে হানিফ চৌধুরী ও রফিউল করিম চৌধুরী দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে ৫০০ একর জায়গা ভোগ করে আসছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে রফিউল আর বিএনপি ক্ষমতায় থাকলে হানিফ ওয়াক্ফ এস্টেটের মুতাওয়াল্লি নিযুক্ত হয়ে ভোগদখল করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাবুল ও স্থানীয় ছৈয়দ নূর বর্তমান মুতাওয়াল্লি রফিউলের পক্ষে লবণ মাঠগুলো দেখাশোনা করছেন। তবে লবণ মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
রফিউল করিম চৌধুরী বলেন, লবণের মৌসুম শুরু হওয়ার আগে বর্গাচাষিদের হুমকি দিতেই এ কবরগুলো খোঁড়া হয়েছে। তবে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাবুল বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাসীদের প্রতিরোধে ভূমিকা রাখায় ছৈয়দ নূরের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র আমার পেছনে লেগেছে। লবণচাষিদের ভয় দেখাতে ওই চক্র একই রাতে ২৯টি কবর খুঁড়েছে।’
ছৈয়দ নূর অভিযোগ অস্বীকার করে বলেন, বাবুল চেয়ারম্যান লবণচাষিদের অতিষ্ঠ করে ফেলায় তাঁকে ভয়ভীতি দেখাতে নিজেরাই কবর খুঁড়ে থাকতে পারে।