কবর থেকে তোলা হলো বিচারকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনরায় ময়নাতদন্ত করতে বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের (৪৭) লাশ কবর থেকে তোলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার বনানী কবরস্থান থেকে নির্বাহী হাকিম মাহবুব জামিলের উপস্থিতিতে লাশটি তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে বেশকিছু ঘাপলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য লাশের পুনঃ ময়নাতদন্ত করতে আবেদন করা হলে গত ২৩ নভেম্বর আদালত এ নির্দেশ দেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্ত করা হবে।

কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ নওগাঁর অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন চট্টগ্রামেও কর্মরত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হালিশহর থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ৩০ সেপ্টেম্বর বিচারক আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।