কবর থেকে নবজাতকের লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে গতকাল মঙ্গলবার দুপুরে এক নবজাতকের মৃতদেহ উত্তোলন করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান জানান, গত ২১ জুলাই রাত ১২টার দিকে স্কয়ার হাসপাতালে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আজিম উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ রওশন আরা একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরের দিন স্কয়ারের হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের জানান, তাঁদের মৃত সন্তান হয়েছে। পরে ওই শিশুটিকে কবর দেওয়া হয়। পরে আজিম উদ্দিন স্কয়ার হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে তাঁর জীবিত সন্তান চুরির অভিযোগ তুলে থানায় মামলা করেন। পরে তিনি আদালতের কাছে পিতৃত্বের বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করার জন্য ওই শিশুটির লাশ কবর থেকে উত্তোলনের আবেদন করেন। আদালত অনুমতি দিলে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল দুপুর ১২টার দিকে ওই শিশুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। মোহাম্মদ আজিম উদ্দিনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তাঁদের জীবিত সন্তান হয়েছে। কিন্তু চিকিৎসকেরা তাঁদের ওই সন্তানের মুখ পর্যন্ত দেখতে দেননি। জন্মের দিন মৃত্যুর ব্যাপারেও কিছু বলেননি তাঁরা। তাঁদের জীবিত সন্তান চুরি করা হয়েছে বলে অভিযোগ করেন আজিম উদ্দিন।