কবর থেকে বিচারকের লাশ তুলে আবারও ময়নাতদন্তের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ (৪৭) নামের এক বিচারকের মৃত্যুর দুই মাস পর কবর থেকে তাঁর লাশ তুলে আবারও ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া। শুনানি শেষে আদালত আগামী রোববার আদেশের দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তা কাজল কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে বেশকিছু ঘাপলা রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য লাশটির আবারও ময়নাতদন্ত প্রয়োজন। তাই আদালতে আবেদন জানানো হয়েছে।

কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ নওগাঁর অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন চট্টগ্রামে কর্মরত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। গত ৩০ সেপ্টেম্বর বিচারক আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।