কবর থেকে লাশ উত্তোলন, ভুয়া কবিরাজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাঁচিয়ে তোলার আশ্বাস দিয়ে কবর থেকে শিশুর লাশ উত্তোলন করার অভিযোগে ঝুমুর রানী দাস নামের কথিত এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের আউগান এলাকার স্বপন চন্দ্র দাসের শিশুপুত্র নীরব চন্দ্র দাস গত বৃহস্পতিবার পুকুরে পড়ে যায়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিনই শিশুটিকে কবর দেওয়া হয়।সূত্র জানায়, গত শনিবার কাঞ্চনপুর ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের কথিত কবিরাজ ঝুমুর রানী দাস শিশুটির বাবাকে ফোন করে বলেন, কবর থেকে নীরবের লাশ তুলে তাঁর কাছে নিয়ে গেলে তিনি তাকে জীবিত করে দেবেন। এ কথা শুনে পরিবারের লোকজন লাশ তুলে বিকেলে কবিরাজের বাড়িতে নিয়ে যান। ঝুমুর রানী লাশটি মাথার ওপর নিয়ে ঘোরাতে থাকেন এবং নানা ভঙ্গিমায় লাশে আঘাত করতে থাকেন। এতে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।শিশুটির বাবা স্বপন চন্দ্র দাস বলেন, ‘কবিরাজ আমাকে বলেন, তোর ছেলে মারা যায়নি। মাটি খুঁড়ে তাকে তুললেই জীবিত করা যাবে। এ কথা শুনে আমরা ঠিক থাকতে পারিনি।’ তিনি ঝুমুর রানী দাসের বিচার দাবি করেন।গতকাল রোববার থানাহাজতে অবস্থানকালে ঝুমুর রানী দাস প্রথম আলোকে বলেন, ‘পানিতে পড়লে বা সাপে কাটলে শিশুরা জীবিত থাকে। মন্ত্র পড়ে শিশুটিকে বাঁচানো যেতে পারে। এ জন্যই আমি লাশ কবর থেকে তুলতে বলেছি।’রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, ঝুমুর রানী দীর্ঘদিন ধরে কবিরাজির নামে অপচিকিৎসা করে আসছেন। স্বপন চন্দ্র বাদী হয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।