কবর থেকে লাশ তুলে দেখানো হলো স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে দেখানো হলো পরিবারের সদস্য ও স্বজনদের। গতকাল শুক্রবার ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে বাবা লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। পরে লাশটি ওই কবরেই সমাহিত করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শহরের রঘুনন্দনপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সৈয়দ আলমগীর হোসেনের ছেলে সৈয়দ বাবর আলী (২৪)। এ বছর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাবর আলী। তাঁর লাশ গত সোমবার সকালে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের কানাইরটেক এলাকার রাস্তার পাশ থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। আর মঙ্গলবার অজ্ঞাতনামা হিসেবে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয় আলীপুর কবরস্থানে। একদিন পর বুধবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে লাশের ছবি দেখে বাবর আলীকে শনাক্ত করেন তাঁর বাবা আলমগীর হোসেন। এরপর ছেলের লাশ দেখার জন্য তিনি গত বৃহস্পতিবার আদালতে আবেদন জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার বিশ্বাস বলেন, আদালতের আদেশ অনুযায়ী শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মতিউর রহমানের উপস্থিতিতে বাবরের লাশ কবর থেকে তুলে স্বজনদের দেখিয়ে আবার সেখানেই সমাহিত করা হয়।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত করলেন বাবা’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।