কবর থেকে লাশ তুলে পরিবারকে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্দুকযুদ্ধে’ নিহত লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক সোলাইমান উদ্দিন ওরফে জিসানের (৪০) লাশ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার টিক্কারচর কবরস্থান থেকে উত্তোলন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিসানের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জিসানের মা ফাতেমা বেগম গত সোমবার কুমিল্লার বিচারিক হাকিম নাসরিন সুলতানার কাছে আবেদন করেন যে জিসান বেওয়ারিশ নয়। এরই পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের জন্য নির্দেশ দেন।
সূত্র জানায়, আদালতের নির্দেশে গতকাল সকাল নয়টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন আঞ্জুমান মুফিদুল ইসলামের কুমিল্লা জেলা শাখার সদস্যদের নিয়ে নগরের টিক্কারচর কবরস্থানে যান। এরপর সেখান থেকে জিসানের লাশ উত্তোলন করা হয়। এ সময় গলিত লাশ দেখে জিসানের মা ফাতেমা বেগম ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে তাঁরা লাশটি গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার লতিফপুর এলাকায় নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, আদালতের নির্দেশে জিসানের লাশ কবর থেকে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
২২ জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ৪৪ মামলার আসামি জিসান নিহত হন। ২৩ জানুয়ারি কুমিল্লায় বেওয়ারিশ লাশ দাফনের গোরস্থান টিক্কারচরে লাশটি দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
এদিকে লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে পারিবারিক কবরস্থানে জিসানের লাশ দাফন করা হয়। লাশ দাফনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ মোতায়েন ছিল।