বিহারি ক্যাম্পের ১০ হত্যাকাণ্ডের দুই মাস, গ্রেপ্তার নেই
কবরস্থান ও হাসপাতালে দিন কাটে ইয়াছিনের
‘একবার গোরস্তান যাই। কবরে সামনে বইসা কান্দাকাটি করি। আবার হাসপাতালে ছুইট্যা আসি। পোড়া মাইয়ার কাছে। ছোটাছুটি কইরাই আমার দিন যায়। ডাক্তাররা কইছে, হাসপাতাল থেইকা মাইয়ারে ছুটি দিয়া দিবে। ঘর পুইড়া থাকার জায়গা তো শ্যাষ অইয়া গ্যাছে, এ্যাখন এই অসুস্থ মাইয়া নিয়া কই থাকুম?’
একই দিনে স্ত্রী, ছয় সন্তান, পুত্রবধূ, নাতিসহ নয়জনকে হারানো পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াছিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মেয়ে ফারজানা আক্তারকে (১৫) দেখতে এসে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন। মারাত্মকভাবে পুড়ে গেলেও ইয়াসিনের এই মেয়েটিই কেবল প্রাণে বেঁচে গেছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর মেয়েকে নিয়ে কোথায় উঠবেন, কী বলে তাকে সান্ত্বনা দেবেন, সেটিই তাঁর বড় দুশ্চিন্তা। কারণ, মেয়েকে এত দিন জানানোই হয়নি তার মা-ভাইদের মৃত্যুর কথা।
গত ১৪ জুন দুর্বৃত্তরা পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দা ইয়াছিনের ঘরসহ আটটি ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন লাগায়। ইয়াছিনের পরিবারের নয়জন জীবন্ত পুড়ে মারা যায়। ফারজানা কোনোমতে বেরিয়ে আসে। তবে মারাত্মক দগ্ধ হয়েছিল। ঘটনার সময় ইয়াছিন বাইরে ছিলেন। প্রাণে বেঁচেছেন কেবল বাবা-মেয়ে দুজন।
ইয়াছিন সেলুনে কাজ করেন। গত সোমবার বার্ন ইউনিটের দোতলার করিডরে তাঁর সঙ্গে কথা বলার সময় নিজেকে আর সামলাতে পারলেন না। কান্নায় ভেঙে পড়ে জানালেন, মিরপুর ১২ নম্বর সেকশনের এক আত্মীয়ের বাড়িতে এখন ঠাঁই নিয়েছেন। কোনো কিছুতেই মন বসে না। প্রিয় মুখগুলো বারবার মনে ভেসে ওঠে। রাতে ঘুম আসে না। কেমন যেন দিশেহারা লাগে। দিনে বারবার ছুটে যান কবরস্থানে। মেয়েটির কী হবে, এই ভাবনা আরও বেশি অস্থির করে তোলে।
ফারজানার দুই হাত, মুখমণ্ডল ও পিঠের পোড়া ঘা শুকাতে শুরু করেছে। সে মিরপুরে ইউসেপ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। হাত দুটো যেভাবে পুড়েছে, তাতে স্কুলে গিয়ে এই পোড়া হাতে আবার লিখতে পারবে কি না, এ নিয়েই চিন্তিত।
ফারজানার অবস্থা সম্পর্কে ইউনিটের প্রধান ও পরিচালক আবুল কালাম জানান, ওর শরীরের ১৭ শতাংশ পুড়েছে। তবে অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়ার সময় হয়েছে। ধীরে ধীরে সে পুরো সেরে উঠবে।
সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে ফারজানা জানায়, পুলিশ বিহারি ক্যাম্পে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছিল ও গুলি করছিল। তার মা, চার বোন, তিন ভাই, ভাবি ও বোনের ছেলে ছিল ঘরের ভেতরে। একসময় কারা যেন বাইরে থেকে ঘরে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঘর ধোঁয়ায় আচ্ছন্ন। টিনের চালা দিয়ে আগুন আসছিল ভেতরে। সবার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। এমন সময় ভাইয়েরা টিনের বেড়া কেটে ফেলেন। সেই ফাঁক দিয়ে ফারজানাই প্রথম বের হয়ে আসে। এর পরই সে জ্ঞান হারিয়ে ফেলে।
ফারজানার ধারণা, ঘরের বাকিরাও তার মতোই বেরিয়ে এসেছে। হাসপাতালে সে তাদের দেখতে চাইলে কারণ বলা হয়েছে, তারাও পুড়ে আহত হয়েছে। অন্য হাসপাতালে চিকিৎসা হচ্ছে বলে কেউ তাকে দেখতে আসতে পারছে না। ফারজানা খুব আশায় আছে, শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে সে তার মা-ভাই-বোনদের দেখতে যাবে।
চিকিৎসকেরা ফারজানাকে কয়েক দিনের ছুটি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ফারজানার বাবা জানান, মা-বোন-ভাইদের দেখার জন্য ফারজানা কান্নাকাটি করছিল। তাই বার্ন ইউনিটের চিকিৎসকদের বলে ফারজানাকে দু-তিন দিনের জন্য বগুড়ায় তাঁর ফুফুর বাসায় নেওয়া হয়েছে। দুই দিন পর সেখান থেকে আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হবে।
‘বিহারি’ হিসেবে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে গত ১৪ জুন বহিরাগত ও পুলিশের সংঘর্ষে মারা গিয়েছিল ১০ জন। আগুনে পুড়ে মারা যাওয়া নয়জনের বাইরে গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা বেনারসি কারচুপি শ্রমিক মো. আজাদ৷
সরেজমিনে কুর্মিটোলা ক্যাম্প: কুর্মিটোলা বিহারি ক্যাম্পের নানা জায়গায় ব্যানার টানানো, দেয়ালে সাঁটানো পোস্টার। এতে লেখা ‘গত ১৪ জুন পুলিশ বাহিনী ও জুয়েল রানা সন্ত্রাসী বাহিনী দিয়ে ১২/ই কুর্মিটোলা ক্যাম্পে আটকে পড়া পকিস্তানি ১০ জন নারী ও শিশুকে নির্মমভাবে পুড়িয়ে মেরে ফেলেছে’। কোনো কোনো পোস্টারে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে। ব্যানার-পোস্টারগুলো বিহারিদের সংগঠন স্ট্রান্ড্রেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি)।
ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেন, পুলিশ ও জুয়েল রানা বাহিনীর যৌথ হামলায় ১০টি তাজা প্রাণ গেল। সরকারদলীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর মদদে জুয়েল রানার বাহিনী ওই হামলা করেছে। ক্যাম্পবাসীরা হত্যাকাণ্ডের শিকার এবং ক্ষতিগ্রস্ত হলেও তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। পুলিশ আজাদকে গুলি করে মারল, আবার মামলার বাদীও হলো সেই পুলিশ। বাকি মামলার বাদী করিয়েছে পুলিশ তাদের পছন্দের লোককে দিয়ে। মামলায় ক্যাম্পের তিন হাজার ৭১৪ জনকে আসামি করা হয়েছে। তাই পুলিশের কাছ থেকে ন্যায়বিচার আশা করেন না তাঁরা।
আশপাশের লোকজন জানান, কালশী সড়কসংলগ্ন উড়ালসড়ক নির্মাণ এবং এলাকার উন্নতি ঘটায় জমির দাম বেড়ে গেছে। এখান থেকে বিহারিদের উচ্ছেদ করে বিপণিবিতান নির্মাণ করাই লক্ষ্য ছিল সাংসদের। বস্তিতে বিদ্যুৎ-সংযোগ নিয়ে সাংসদের সঙ্গে ক্যাম্পবাসীর বিরোধের বিষয়টি একটি অজুহাত মাত্র।
তবে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রথম আলোকে বলেছেন, তিনি বা তাঁর কোনো লোক এ হামলার সঙ্গে জড়িত নন। যুবলীগের নেতা জুয়েল রানা জড়িত আছেন, তা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছয় মামলার অগ্রগতি নেই: ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হলেও এর কোনো অগ্রগতি নেই। দুই মাসেও ১০ হত্যাকাণ্ডে কেউ গ্রেপ্তার হননি। মামলাগুলো তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিহারি ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেন, দুই মাসেও যুবলীগের নেতা জুয়েল রানা গ্রেপ্তার হননি। সরকারের পক্ষ থেকে বর্বর এ হত্যাকাণ্ডের বিচারের কোনো উদ্যোগও নেই।
মামলাগুলোর অবস্থা নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, থানা-পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ডিবি নিরপেক্ষ তদন্ত করছে। ইতিমধ্যে পুলিশ ১৬১ ধারায় ক্যাম্পবাসীর বক্তব্য নিয়েছে। ভিডিও ফুটেজে হামলাকারী শনাক্ত করা যায়নি। অভিযুক্ত জুয়েল রানাকে নজরদারিতে রাখা হয়েছে।
উপকমিশনার নাজমুল বলেন, স্পর্শকাতর ছয়টি মামলা তদন্তে পৃথক ছয়জন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। হামলায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
তবে এসপিআরজিসি কুর্মিটোলা ক্যাম্পের সাধারণ সম্পাদক শওকত হোসেন ও যুগ্ম সম্পাদক মুন্না হোসেন বললেন, বর্বর এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিগগিরই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। হত্যাকাণ্ডের ঘটনায় তাঁরা আদালতে মামলা করবেন।