কবরস্থানে ঔষধি গাছের বাগান
দূর থেকে চোখে পড়ে হরীতকী, বহেড়া ও অশোকগাছ। খানিকটা এগিয়ে দেখা যায় লাল চন্দন, সাদা চন্দন ও বিষ করবী। কাছে গিয়ে চোখে পড়ল আরও অনেক ঔষধি গাছ। গাছের ফাঁকে কয়েকটি কবর।
কবরস্থানে ঔষধি গাছের এই বাগান ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামে। পারিবারিক কবরস্থানে শতাধিক প্রজাতির ঔষধি গাছ লাগিয়েছেন ওই গ্রামের প্রয়াত জোয়ারদার মতিয়ার রহমানের ছেলে মাজেদুর রহমান।
স্থানীয় বাজারে মাজেদুর রহমানের টাইলসের দোকান রয়েছে। আগে তিনি বিদেশে ছিলেন। আট বছর আগে বিদেশে থাকা অবস্থায় তাঁর বাবার মৃত্যু হয়। তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখেন, সেখানে শুধুই জঙ্গল। এরপর তিনি কবরস্থানের ঝোপ-জঙ্গল পরিষ্কার করে ঔষধি গাছের চারা রোপণ শুরু করেন। এ কাজে সহায়তা করেছেন তাঁর চাচা নওশের আলী। তিনি গাজীপুরে থাকেন। সেখানে তাঁর একটি বাগান রয়েছে।
সম্প্রতি ভুটিয়ারগাতি গ্রামে গিয়ে কথা হয় মাজেদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘৩৩ শতক জমির ওপর পারিবারিক কবরস্থান। শুরুতে কবরস্থানের পবিত্রতা রক্ষা করে কীভাবে বাগান করা যায়, সেই চিন্তাই মাথায় ছিল। জায়গাটি আগাছামুক্ত করি। এরপর শুরু হয় বিভিন্ন ঔষধি গাছের চারা রোপণ। যেখানেই কোনো ঔষধি গাছ পেয়েছি, সেখান থেকেই কিনে এনে বাগানে লাগিয়েছি। প্রথম এক বছর বেড়া দিয়ে জায়গাটি ঘিরে রেখেছিলাম। এখন ইটের প্রাচীর দিয়েছি।’
নিজ হাতেই বাগানের পরিচর্যা করেন মাজেদুর রহমান। গাছে পানি দেওয়া, আগাছা পরিষ্কার—সবকিছু নিজেই করেন। এ প্রতিবেদককে ঘুরিয়ে দেখান তাঁর বাগান। পরিচয় করিয়ে দেন অশ্বগন্ধা, দশমূল, অশোক, লাল চন্দন, সাদা চন্দন, দুধরাজ, মণিরাজ, কাঞ্চন ফুল, বিষ করবী, গুয়েবাবলা, হরীতকী, আমলকী, বহেরা, চুই, কুঁজ, কোস্তরি আদাসহঔষধি গাছের সঙ্গে। সঙ্গে সঙ্গে এসব গাছের গুণাগুণও বর্ণনা করেন। তিনি বলেন, গ্রামবাসীর কাছে এসব গাছের চাহিদাও বেশ। তবে তিনি তা বিনা মূল্যেই দিয়ে থাকেন। মাজেদুর বলেন, ‘এলাকার মানুষ প্রয়োজনমতো লতা-পাতা ও গাছের ছাল নিয়ে যায়। কবরস্থানের গেটের চাবি পাশের এক বাড়িতে রাখা আছে। যে কেউ এখানে এসে তালা খুলে ঔষধি গাছ নিতে পারেন।’
মাজেদুরের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করেছে। ঔষধি গাছের বাগান তৈরি করছেন ওই গ্রামের মামুনুর রহমান। তিনি বলেন, ‘মাজেদুরের বাগান থেকে অনেকেই উপকৃত হচ্ছেন। আমরাও পারিবারিক কবরস্থানে ঔষধি গাছের বাগান করছি। শিগগিরই গাছ লাগানো শুরু হবে।’