কবরস্থানে পানি, ২৫ অজ্ঞাত লাশ ২০ দিন ধরে মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইন কবরস্থানে পানি জমেছে। এতে লাশ দাফন করা যাচ্ছে না। তাই মাটি ফেলে জায়গা উঁচু ক​রা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
রাজধানীর জুরাইন কবরস্থানে পানি জমেছে। এতে লাশ দাফন করা যাচ্ছে না। তাই মাটি ফেলে জায়গা উঁচু ক​রা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজের মর্গে ২৫টি বেওয়ারিশ বা অজ্ঞাত লাশে পচন ধরেছে। মর্গের যে কর্মীরা প্রতিনিয়ত পচাগলা লাশ দেখে অভ্যস্ত, তাঁরাও লাশের বেহাল দশা আর সহ্য করতে পারছেন না। বৃষ্টিতে জুরাইন কবরস্থানে পানি জমায় লাশগুলো দাফন করা যাচ্ছে না।

মর্গের ইনচার্জ সেকেন্দার বলেন, ২৫টি অজ্ঞাত লাশের সঙ্গে যোগ হয়েছে ২০টি পরিপূর্ণ বা অপূর্ণ হয়ে জন্মানো নবজাতকের লাশ। কোনো কারণে এই লাশগুলো নিতে পরিবার অস্বীকার করেছে। আজ রোববার আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফনের জন্য লাশ নেওয়া শুরু করবে বলে আশ্বাস দিয়েছে।

রাজধানীতে বেওয়ারিশ লাশের দাফনের দায়িত্ব নেয় আঞ্জুমান মুফিদুল ইসলাম। আর একমাত্র জুরাইন কবরস্থানে এই লাশগুলো দাফন করা হয়। গতকাল জুরাইন কবরস্থানে দেখা যায় মাটি ফেলে কবরস্থান উঁচু করা হচ্ছে। কবরস্থানের স্থানে স্থানে পানি জমে আছে। এ অবস্থায় কবরস্থান কর্তৃপক্ষ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছ থেকে লাশ নিয়ে দাফন করতে পারেনি। ২০ দিনেরও বেশি সময় ধরে এ অবস্থা চলছে। ফলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে বেওয়ারিশ লাশ জমে গেছে। 

সেকান্দার জানান, ঢাকা মেডিকেল কলেজের এ মর্গের পাঁচটি ফ্রিজের মধ্যে তিনটি ফ্রিজ নষ্ট দুই-তিন মাস ধরে। একেকটি ফ্রিজে চারটি করে লাশ রাখা যায়। দুটি ফ্রিজে চার জঙ্গির লাশ, চারজন বিদেশি নাগরিকের লাশ রাখা হয়েছে। আর স্বামী হিন্দু না মুসলিম—এই দ্বন্দ্ব নিয়ে দুই স্ত্রী দাবিদার হওয়ায় আদালতের নির্দেশে একটি লাশ সাড়ে তিন বছর ধরে মর্গে সংরক্ষণ করা হচ্ছে। মর্গের চারটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি নষ্ট প্রায় এক বছর ধরে। প্রতিদিন গড়ে দুটি আবার কোনো সময় চার থেকে পাঁচটি অজ্ঞাত লাশ এসে জমা হয় মর্গে। ফলে বেওয়ারিশ লাশগুলো কোনোভাবেই সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বেওয়ারিশ লাশসহ মর্গের সার্বিক পরিবেশ নিয়েই আমরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি।’

আঞ্জুমান মুফিদুল ইসলামের ডিউটি অফিসার শাহাবুদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘শনিবার লাশ দাফন করতে চাইলে জুরাইন কর্তৃপক্ষ জানায় সেখানে বাঁশ নেই। এর আগে বৃষ্টির পানির জন্য লাশ দাফন করেনি জুরাইন কর্তৃপক্ষ। তারা যদি দাফন না করে আমরা বেওয়ারিশ লাশ এনে কী করব?’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত জুরাইন কবরস্থানের ইনচার্জ মো. শোয়াইব হোসেন জানালেন, কবরস্থানে বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছ থেকে লাশ নিয়ে দাফন করা সম্ভব হয়নি। কবরস্থানের একটি প্লটে মাটি ভরাট করা হয়েছে। রোববার (আজ) থেকে ৮ থেকে ১০টি করে লাশ এনে দাফন করা সম্ভব হবে। রাজধানীতে আজিমপুর কবরস্থানসহ আর কোনো কবরস্থান বেওয়ারিশ লাশের দায়িত্ব নেয় না। কবরস্থানের বর্ধিত ছয় একর জায়গায় মাটি ভরাট করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তার বাস্তবায়ন হয়নি। অন্য কবরস্থানও যাতে বেওয়ারিশ লাশের দায়িত্ব নেয়, সরকারকে তার উদ্যোগ নিতে হবে।

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকেও বেওয়ারিশ লাশ নিয়ে দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ মর্গের ইনচার্জ শ্যামল লাল প্রথম আলোকে বলেন, সেখানে এসি, ফ্রিজ ঠিক থাকায় বেওয়ারিশ লাশ নিয়ে ততটা বেগ পেতে হচ্ছে না। বেওয়ারিশ লাশের সংখ্যাও কম।