কবরস্থানের জন্য জমি দিলেন কাউন্সিলর প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কবির আহমদ গত শনিবার তেলিগুল এলাকায় নিজেদের চার শতক জমি কবরস্থানের জন্য দিয়েছেন। এতে আচরণবিধি ভঙ্গ হয়েছে।

২০১৫ সালের পৌরসভা নির্বাচনের আচরণবিধির ৪-এ বলা হয়েছে, কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষ হতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচন-পূর্ব সময়ে সংশ্লিষ্ট পৌরসভা বা পৌরসভাসমূহের এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্য বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান বা এ বিষয়ে কোনো অঙ্গীকার করতে পারবেন না। এ ছাড়া আচরণবিধির ১৭-এর গ-এ বলা হয়েছে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তাঁর মনোনীত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান ভোটারদের কোনোরূপ উপঢৌকন, বকশিশ ইত্যাদি দিতে পারবেন না।

প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন বলেন, শনিবার বিকেলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবির আহমদ ও পরিবারের সদস্যরা তেলিগুল এলাকায় তাঁদের জমি দেখিয়ে কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য এলাকাবাসীকে বুঝিয়ে দেন। দোয়া পরিচালনা করেন উপজেলা সদর জামে মসজিদের প্রধান ইমাম কারি মনোহর আলী।  কবির আহমদের ভাই সাব্বির আহমদ, এলাকার আলাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় কয়েকজন বলেন, এলাকায় সর্বজনীন কোনো কবরস্থান নেই। এ ব্যাপারে প্রার্থী কবির আহমদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র দাখিলের আগেই তিনি (কবির) কবরস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কবির আহমদ গতকাল রোববার মুঠোফোনে বলেন, ‘এলাকার লোকজনকে সাক্ষী রেখে জমি বুঝিয়ে দিয়েছি। ধনী-গরিব সবাই সে জমি কবরস্থানের জন্য ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে কমিটি গঠন করা হবে। এরপর দলিল সম্পাদন করে ওই কমিটিকে জমি বুঝিয়ে দেব।’ আচরণবিধির বিষয়টি উল্লেখ করলে কবির দাবি করেন, এটা তাঁর নির্বাচনী কোনো প্রতিশ্রুতি ছিল না।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, এ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।