কবরস্থানের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি কবরস্থানের জমি দখল করে সেখানে পুকুর কেটে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। কবরস্থানের জমি ফেরত পাওয়ার দাবিতে গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
স্থানীয় লোকজন এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞার বরাবর গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামের মৃত আবদুল খালেক মিয়া কবরস্থানের জন্য পাঁচ বছর আগে ১৪ শতাংশ জমি ওয়াক্ফ করে দেন। সম্প্রতি একই গ্রামের সামু মিয়া, নুরু মিয়া, হালিম মিয়া ও সিদ্দিক মিয়া কবরস্থানের ওই জমিটি দখল করেন। পরে তাঁরা ওই স্থান থেকে মাটি কেটে নিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ শুরু করেন। গ্রামবাসী বিভিন্ন সময় বাধা দেওয়ায় দখলদারেরা গ্রামের পাঁচ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন।
মারবদী পশ্চিমপাড়া মসজিদ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, কবরস্থানের জমি দখল করে নেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
অভিযোগ অস্বীকার করে হালিম মিয়া বলেন, ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, কবরস্থানের জায়গা উদ্ধার ও দখলদার সামুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।