কবরীকে শামীম ওসমানের হুমকি
নারায়ণগঞ্জের সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমান স্থানীয় সাংসদ সারাহ বেগম কবরীকে ইঙ্গিত করে বলেছেন, ‘অহঙ্কার করবেন না। এটা সিনেমার রূপালী পর্দা না। হুমকি-ধামকি দিয়ে রাজনীতি চলবে না। মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে।’ তিনি বলেন, ‘ফতুল্লায় আমার নেতা-কর্মীরা নির্যাতন আর হামলার শিকার হচ্ছে। আমি যদি নির্দেশ দিই, বাড়িঘর তো থাকবেই না, পালানোর পথ পাবেন না। পুলিশ, বিডিআর, র্যাব দিয়ে কোনো কাজ হবে না।’গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।শামীম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করা নিয়ে দেশের অভ্যন্তরে থাকা স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্র করে চলেছে। স্বাধীনতাবিরোধীদের নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা ছিল আমার দোষ। তাই তাদের বোমা হামলার চিহ্ন বয়ে বেড়াচ্ছি আমিসহ অনেক নেতা-কর্মী।’