কবরীর সমর্থকদের ওপর ফের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর সমর্থকদের ওপর আবারও হামলা চালিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ শামীম ওসমানের সমর্থকেরা। মারধরে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকায় ওই ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
কবরীর সমর্থক লেবু মিয়ার পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুর ১২টায় মাসদাইর গাবতলী এলাকার বাড়িতে শামীম ওসমানের সমর্থক জিলানী, মাহবুব, হাসেম, জনি, মিজান, রফিক, আলমগীরসহ ১৫-২০ জন সশস্ত্র ক্যাডার তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় লেবু মিয়া ও তাঁর বন্ধু মনিরকে মারধর করে রক্তাক্ত জখম করেন তাঁরা। বাড়ির আসবাব ভাঙচুর করে সাত হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয়।