কবরে ভালোবাসার ফুল, বারান্দায় নির্বাক মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তারেক মাসুদের জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর মহল্লার পৈতৃক বাড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালেই সাদা কাপড় দিয়ে তারেক মাসুদের কবর ঢেকে দেওয়া হয়। গোলাপ ও পাতা দিয়ে কবরে মাঝখানে ভালোবাসার চিহ্ন এঁকে দেওয়া হয়। ফুল দিয়ে কবর সাজান তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ ও তারেক মাসুদের সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক দিলারা বেগম। তাঁদের সহযোগিতা করেন এক দল সংস্কৃতিকর্মী।

বেলা তিনটায় বাড়ির পাশে তারেক মাসুদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাড়ির আঙিনায় অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সব শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে ভাঙ্গার নূরপুর গ্রামে তারেক মাসুদের কবরে যখন একে একে বিভিন্ন সংগঠন ফুল দিচ্ছিল তখন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ ঘরের বারান্দায় নির্বাক হয়ে বসে ছিলেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন তারেক মাসুদের সহধর্মিণী ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ। সভাপতির বক্তব্যে ক্যাথরিন মাসুদ বলেন, ‘আমি আপনাদের ভালোবাসা নিয়ে সত্যিকার অর্থে তারেকের আদর্শে একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ে তুলতে কাজ করে যাব। আমি আপনাদের মধ্যে থাকতে চাই। চাই তারেকের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে, অসমাপ্ত কাজগুলো শেষ করতে।’ 

স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক মাসুদের সহকর্মী দিলারা বেগম বলেন, ‘আমরা চেষ্টা করলে তারেক মাসুদের স্বপ্ন অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তারেক মাসুদ ছিলেন চলচ্চিত্রের ফেরিওয়ালা।  বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে তারেক মাসুদের নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে।’

ঢাকার তারেক মাসুদ সংস্কৃতিকেন্দ্রের সদস্য শহীদুল ইসলাম তারেক মাসুদের নামে ভাঙ্গায় একটি সড়কের নামকরণের দাবি জানান। 

সেখানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু মো. ফয়েজ রেজা, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ কামাল আতাউর রহমান, তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান, ভাঙ্গা কেএম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন, ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম, বাটিকামারী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম, ফুলসূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক চৈতন্য দাস ও মুকসুদপুর কলেজের শিক্ষক পরিতোষ হালদার।

২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের জন্য শুটিংয়ের জায়গা দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।