কবরের খোঁজে ১৭ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসের ঘটনায় এখনো নিখোঁজ বৃদ্ধা জাহেদা বেগমের একমাত্র মেয়ে সালেহা বেগম। দুই বছরেও মেলেনি লাশ, মেলেনি কবর। তাই রানা প্লাজার সামনে ছবি হাতে মেয়েকে খুঁজে বেড়ায় বৃদ্ধা মায়ের কান্নাভেজা দু​ই চোখ। ছবিটি গতকাল তোলা l সাজিদ হোসেন
রানা প্লাজা ধসের ঘটনায় এখনো নিখোঁজ বৃদ্ধা জাহেদা বেগমের একমাত্র মেয়ে সালেহা বেগম। দুই বছরেও মেলেনি লাশ, মেলেনি কবর। তাই রানা প্লাজার সামনে ছবি হাতে মেয়েকে খুঁজে বেড়ায় বৃদ্ধা মায়ের কান্নাভেজা দু​ই চোখ। ছবিটি গতকাল তোলা l সাজিদ হোসেন

লাশের অপেক্ষায় কেটেছে মাসের পর মাস। যেখানেই লাশের খবর মিলেছে, সেখানেই ছুটেছেন তাঁরা। কিন্তু নিরাশ হয়েছেন। আর এখন অপেক্ষা কবরের। তাও কেটে গেছে দুই বছর। দীর্ঘ দুই বছরেও তাঁদের এই অপেক্ষার শেষ হয়নি।
তাঁদেরই একজন নিহত শ্রমিক শহীদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম। গত বুধবারও কবরের খোঁজে ঘুরে গেছেন ঢাকার জুরাইন ও আঞ্জুমানে মফিদুল ইসলামের কার্যালয়। খাদিজা বেগম জানান, আড়াই বছরের একমাত্র সন্তান নিয়ে থাকেন সাভারে এক ভাড়া বাসায়। বাসায় সেলাইয়ের কাজ করে কোনো রকমে জীবন ধারণ করছেন। ২০১৩ সালে যে বছর রানা প্লাজার ধসের ঘটনা ঘটে, ওই বছরই ঢাকায় আসেন তিনি। চেনেন না, জানেন না ঢাকার অনেক কিছু। সেই খাদিজাকেই এখন নানা জায়গায় সন্তান কোলে ঘুরে বেড়াতে হচ্ছে একটি কবরের খোঁজে।
কান্নাচাপা কণ্ঠে খাদিজা প্রথম আলোকে বলেন, ‘লাশটা তো পেলাম না, কবরটাও যদি পেতাম তাহলে মনকে একটু হলেও সান্ত্বনা দিতে পারতাম। অনেক খোঁজাখুঁজি করেও কবরের কোনো সন্ধান পাচ্ছি না, তার ওপর শ্বশুরবাড়ির লোকজনদের নানা কথা শুনতে হচ্ছে। তাঁরা মনে করছে আমিই কোনো কিছু করছি না।’
মিলি খাতুন। রানা প্লাজার চতুর্থ তলায় ফ্যান্টম অ্যাপারেলসের অপারেটর ছিলেন। একই কারখানার একই ফ্লোরে পাঁচ হাত দূরত্বে কাটিং ম্যান হিসেবে কাজ করতেন তাঁর স্বামী মতিউর রহমান। ভবন ধসের মিনিট খানেক আগেও মিলি খাতুনের সঙ্গে কথা হয় স্বামীর। কথা ছিল দুপুরে একসঙ্গে খাবেন। অথচ পাঁচ হাত দূরত্বে থাকা সেই মানুষটির লাশ তো দূরে থাক, দুই বছরে কবরটিরও নিশ্চিত সন্ধান পাননি মিলি।
গত বুধবার সাভারে রানা প্লাজার অদূরে কথা হয় মিলির সঙ্গে। তিনি জানান, ঘটনার ১৩ দিন পর স্বামীর লাশ শনাক্ত করেন তিনি। কিন্তু একই লাশের অন্য আরেকজন দাবিদারও ছিলেন। পরবর্তী সময়ে ডিএনএ টেস্ট করা হলেও মিলির স্বামীর সন্ধান আর মেলেনি। তবুও মিলি ওই বেওয়ারিশ লাশের কবরকে নিজের স্বামীর কবর ধরে নিয়েছেন। তাই মাঝে মাঝে ভালোবেসে পালিয়ে বিয়ে করা স্বামীর স্মৃতি বুকে নিয়ে ওই কবরের কাছে ছুটে যান।
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, রানা প্লাজা ধসের দুই বছর পর এসেও নিখোঁজ রয়েছেন ৮৫ জন শ্রমিক। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শনাক্ত না হওয়া শ্রমিকের সংখ্যা ৬২ জন।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির হিসাবে, এখনো নিখোঁজ শ্রমিকের সংখ্যা ১৬২ জন। এর বাইরে সরকারের পক্ষ ১৭৮ শ্রমিক পরিবারকে কবর বুঝিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তাদের মধ্যে ১৭ জনের পরিবার এখনো কবরই খুঁজে পায়নি। অথচ ডিএনএ পরীক্ষার মাধ্যমে এসব শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছিল। এদের মধ্যে কয়েকজন কয়েক মাস আগে নিকটজনদের কবরের সন্ধান পেলেও অন্যরা এখনো তা পাননি।