কবরের পাশ ছাড়ছেন না মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আইয়ুব খানের কবরের পাশে মা রবেদা খাতুনের আহাজারি। ছবিটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ মরফলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো
মুক্তিযোদ্ধা আইয়ুব খানের কবরের পাশে মা রবেদা খাতুনের আহাজারি। ছবিটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ মরফলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো

দাফন শেষে সবাই ফিরে গেছেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব খানের ভাই, ছেলে ও পাড়া-প্রতিবেশী সবাই। ফেরেননি একজন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধার মা রবেদা খাতুন; ছেলের কবরের পাশে বসে বিলাপ করছিলেন।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব খান চট্টগ্রামের সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। প্রায় সময়ই তিনি ঢাকায় থাকতেন। গত সোমবার স্ত্রী ও মায়ের সঙ্গে শেষ কথা বলেছেন। তখন বলেছিলেন, বৃহস্পতিবার (আজ) তিনি চট্টগ্রাম আসবেন।
স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী খদিজা বেগম এখন শয্যাশায়ী। বড় মেয়ে রোখসানা আক্তার বলেন, ‘আমার মা আমাকে ফোন করে জানান যে আমার বাবা বৃহস্পতিবার এসে আমার ছেলেকে দেখতে যাবেন। ২২ মে আমার ছেলের জন্ম হয়। তখন আমার বাবা বাড়িতে ছিলেন না। তাঁর আর নাতির মুখ দেখা হলো না।’
গতকাল বুধবার সকালে আইয়ুব খানের লাশ ঢাকা থেকে বাড়িতে পৌঁছায়। বড় ছেলে ঢাকা থেকে লাশ নিয়ে আসেন। সকালে জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুই ছেলে ও দুই মেয়ের বাবা আইয়ুব খান।
বড় ছেলে আরিফ খান জানান, এক সপ্তাহ আগে বাবার সঙ্গে তাঁর শেষ কথা হয়।
মৃত্যুর আগে বাবার লেখা চিঠিটি দেখেছেন আরিফ। তিনি বলেন, ‘সচিব এম এ হান্নানকে মৃত্যুর জন্য আমার বাবা দায়ী করেছেন।’
ওই চিঠিতে পরিবারের জন্য কিছু করতে না পারার আক্ষেপও ছিল বলে জানান আরিফ। তিনি বলেন, চিঠিতে বাবা লিখেছেন, ‘পরিবারের জন্য এক কেজি চালও আমি দিয়ে যেতে পারছি না...। এখন আমাকে গলাধাক্কা দেওয়া হলো’—চিরকুটে লেখা কথাগুলো বলে চোখ মোছেন আরিফ।
পাঁচ শতক জমির ওপর একটি একতলা ঘর করেছেন আইয়ুব খান। এটিই এখন তাঁদের একমাত্র সম্বল। আর কোনো জমিজমা নেই। ঘরের বসার কক্ষে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত একটি সমাবেশের পুরোনো ব্যানার।
সকাল গড়িয়ে বিকেল আসে। আরও জোরে নামল বৃষ্টি। কিন্তু তখনো কবরস্থান থেকে ফেরেননি মা রবেদা খাতুন। ‘আমার ছেলে যুদ্ধে গিয়েছিল; আমাকে না জানিয়ে। তখন আমার কী কান্না...’—এ কথা বলতে বলতে আছড়ে পড়েন সন্তানের কবরে।