বাগেরহাটের চিতলমারীর ‘চিত্রাসুন্দরী বন’ থেকে চিত্রা নদী ধরে নৌকাযোগে রওনা হলাম সকালবেলায়। দলে আমিসহ ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের’ চারজন। পাখি ও প্রকৃতি ভ্রমণে বেরিয়েছি আমরা। ছইওয়ালা নৌকাখানির ছইয়ের ওপরে বসেছি আমি। গন্তব্য পিরোজপুরের বলেশ্বর নদ হয়ে বিশাল কাচা নদীর পাড়ের একটি গ্রাম। এ রুট ধরে বরগুনার পাথরঘাটা পর্যন্ত বহুবার গিয়েছি আমি। দুপাশের দৃশ্য অতি মনোহর। নজরে পড়ে চর-বিল-গ্রাম ও গ্রামীণ বন। দেখা যায় অনেক প্রজাতির পাখি।
৮ অক্টোবর ২০২০-এর দিনটায় বাগেরহাট সদর উপজেলার সীমান্তের কচুয়া উপজেলা বাজারের কাছে পৌঁছানোর পর নৌকা ভেড়ালাম। নেমে খাড়া পাড় বেয়ে ওপরে উঠে পাড়ি দিলাম একটি ছোট সেতু। সেতুটির দক্ষিণে কচুয়া, উত্তরে পিরোজপুরের ‘চালতেখালী’ গ্রাম। সেতু পার হয়ে চালতেখালীতে পা রাখলাম। হেঁটে এগোলাম বেশ কিছু দূর পর্যন্ত। বাঁ দিকের একটি গ্রামীণ বনের ভেতর থেকে ভেসে আসছে কয়েকটি পাখির ডাক। ঠান্ডা লেগে মানুষের গলা বসে গেলে যে রকম শব্দ বেরোয়, ডাকগুলো অনেকটাই তেমন। একটু ভেতরে ঢুকে একটি নালার ভেতরে দেখতে পেলাম তিনটি পাখিকে ঝরা পাতার স্তূপের পাতা উল্টে উল্টে খাবার খুঁজে দুটি কিশোর বয়সী বাচ্চাকে খাওয়াচ্ছে মা-পাখিটি। বাচ্চা দুটি পাখা ঝাঁপিয়ে কাঁপিয়ে আর গাল হাঁ করে ‘আরও খাব আরও খাব’ বলে বায়না করেই চলেছে। গাছপালার নিচু ডালে এক জোড়া দুক্কা, সুধুকা বা মইনে কাজল পাখি ওড়াউড়ি করছে, ঝরা পাতার স্তূপ থেকে দু-একটা পোকা লাফ দিয়ে ছিটকে উঠলে বা উড়াল দিলে ‘অ্যাক্রোবেটিক’ কায়দায় ডাইভ দিয়ে মুখে পুরে নিচ্ছে গুধুকা পাখি দুটি।
নালায় বসা পাখিটি সচরাচর মাটিতে নেমে খাবার খায় না, বাচ্চাদের বায়না মেটাতেই হয়তো নেমেছে। এই পাখিদের মূল খাদ্য ছোট–বড় পোকামাকড় ছোট ও মাঝারি ফল, গেছোব্যাঙ-তক্ষক-টিকটিকির বাচ্চা। শুঁয়াপোকা এদের কাছে উপাদেয় খাদ্য। শুঁয়াপোকার খোঁজে এরা আখ-পাটখেত ও পানের বরজে ঢোকে। গাছের কাণ্ডে জমাট বাঁধা শুঁয়াপোকার খোঁজ পেলে মহানন্দে এরা পরিবারসমেত ‘পাইছি রে পাইছি’ ‘খাইছি রে খাইছি’ ধরনের ধাতব সুরেলা কণ্ঠে ডেকে ডেকে ‘খাদ্য উৎসবে’ মাতে। কাঠঠোকরারা কতই না কষ্ট করে গাছের ডাল কাণ্ড থেকে টসটসে রসাল পোকা বের করে, কিন্তু সুযোগসন্ধানী এই পাখিরা মোক্ষম সময়ে ধমকধামক মেরে তেড়ে যায়, কাঠঠোকরা চেঁচাতে চেঁচাতে পালায়, টসটসে পোকা পড়ে মাটিতে। তখন মাটিতে নেমে এই পাখিরা মজা করে খায়। এমন হাইজ্যাকের দৃশ্য তথা মজার দৃশ্য আমি দু-পাঁচবার দেখেছি। এমনিতে এরা একটু অভিজাত ধরনের পাখি। উঁচু গাছের ডালপালায় বিচরণ করে খাবার খায়।
বাসা বাঁধার মৌসুম এদের শীত-হেমন্তকাল। গাছের ডালে বাটির মতো গোলধরনের বাসা বানায়। ডিম পাড়ে দুটি।
বইপত্রে পাখিটির নাম কবসি। বড় গুধুকা, ‘গাছগুই’ ও ‘উড়োগুই’ নামে পরিচিত এরা বাগেরহাটে। ঘাড়-মাথার গড়ন-ধরন অনেকটাই গুইসাপের মতো! ইংরেজি নাম Indian Cuckooshrike. দৈর্ঘ্য ২৮ সেন্টিমিটার। বৈজ্ঞানিক নাম Coracina macei।
একনজরে ঘন ছাইরঙা পাখি। পেট সাদা। চোখের ওপরে যেন বেশি চওড়া করে কাজল লেপটানো। মেয়ে পাখিটির গলার নিচ থেকে শুরু করে বুক-পেটে অসংখ্য আড়াআড়ি রেখা টানা। মনে হয় কোনো চিত্রশিল্পীর কারুকাজ এটা। পা-ঠোঁটের রং কালচে।