কবি নির্মলেন্দু গুণ বলেছেন, কবি আজহারুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার আদি কবি। কিন্তু মফস্বল শহরে তাঁর ভূমিকার সঠিক প্রচার হয়নি। প্রচারবিমুখ এ কবির সব রচনা উদ্ধার করে একত্রে প্রকাশ করতে হবে। গতকাল রোববার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি আজহারুল ইসলামের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে কবি নির্মলেন্দু গুণ ক্ষোভ প্রকাশ করে বলেন, চারদলীয় জোট সরকার তাঁর ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিল। কিন্তু সঠিক ইতিহাস ও শুভ চিন্তার মৃত্যু নেই। একদিন তা প্রকাশ পাবেই।প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বলেন, ‘কবি আজহারুল ইসলাম ছিলেন গতানুগতিকতার বাইরের মানুষ। তিনি ছিলেন মুসলিম স্বাতন্ত্র্যবাদী, মৌলবাদী নয়। ছিলেন মানবতাবাদী কবি। তাঁর মুক্তবুদ্ধির চর্চা তখনকার সমাজকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করেছে।’অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শামীম সিদ্দিকী, শাহ আজিজুল হক, কবি আজহারুল ইসলামের দুই মেয়ে জিনাত হোসেন ও উলফাত আরা, জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ ২০১০-এর আহ্বায়ক জীবন তাপস, সদস্যসচিব মোবারক হোসেন প্রমুখ।পরে কবি নির্মলেন্দু গুণ তাঁর লেখা কবিতা পাঠ করেন। অন্যান্যের মধ্যে আবৃত্তি করেন ম ম জুয়েল, বাসিরুল আমিন প্রমুখ। শেষে জন্মশতবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি, কবিতা লিখন প্রতিযোগিতায় ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।