কবি আবুল হোসেনের দাফন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ কবি আবুল হোসেনের দাফন সম্পন্ন হবে আজ মঙ্গলবার। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে বিকেলে কবিকে অন্তিম শয্যায় শায়িত করা হবে। গত রোববার রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। প্রথম জানাজার পর স্কয়ার হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টায় হাসপাতালের হিমঘর থেকে মরদেহ তাঁর ধানমন্ডির বাসভবনে আনা হবে। সেখান থেকে ধানমন্ডির ১২ নম্বর সড়কের তাকওয়া মসজিদে বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। বেলা আড়াইটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে বাংলা একাডেমিতে। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বাদ আসর মিরপুরে দাফন করা হবে।