কবি আবুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আজ ২৯ জুন বাংলা ভাষায় চল্লিশের দশকের খ্যাতিমান কবি আবুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলা ভাষায় যে কয়েকজন কবি-সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছিলেন, আবুল হোসেন তাঁদের একজন। তাঁকে অনেকেই বাংলা কবিতার আধুনিক ধারার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন।
আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট তৎকালীন বাগেরহাট মহকুমার ফকিরহাট থানার আড়ুয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। অবিভক্ত ভারতে গত শতকের ত্রিশের দশকে লেখালেখির শুরু। গ্রন্থসংখ্যা ২৫টি। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নববসন্ত, বিরস সংলাপ, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে, এখনও সময় আছে, রাজকাহিনী। বাংলায় ইকবালের কবিতা অনুবাদ করেছেন তিনি। এ ছাড়া বিবিধ গদ্য শিরোনামে প্রবন্ধগ্রন্থ, অরণ্যের ডাক শিরোনামে অনুবাদ উপন্যাস এবং আমার এই ছোট ভুবন ও আর এক ভুবন নামে একটি স্মৃতিকথাও রয়েছে তাঁর।
আবুল হোসেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রপরিষদের সম্পাদক ছিলেন। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কার্যকরী পরিষদ, পাকিস্তান রাইটার্স গিল্ডের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং রবীন্দ্র চর্চাকেন্দ্রের সভাপতিও ছিলেন তিনি।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি আবুল হোসেন ১৯৬৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৮০ সালে পান একুশে পদক।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর কবির ধানমন্ডির বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।