কবি আর কবিতার অনুরাগীদের নিয়ে শুরু হলো কবিতা উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে অনেকেই কবি। পুরো আয়োজনে যাঁরা ছিলেন তাঁরা সবাই কবিতার অনুরাগী। এসেছিলেন কবিতা শুনতে, শোনাতে। সকালে মিষ্টি রোদ, সন্ধ্যায় বিদায়ী শীতের ঝিরঝিরে বাতাস। কবিদের কণ্ঠেও যেন ভর করেছিল প্রকৃতি। একের পর এক কবিতা পাঠ করে গেলেন কবিরা। কখনো প্রকৃতির, কখনো দেশ কিংবা প্রেম কিংবা অসাম্প্রদায়িকতার কাব্য। উপস্থিত কবিরা কবিতায় কবিতায় পরিবেশকে করে তুললেন কাব্যময়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উত্সব। ‘নতুন কবিতা, নতুন সময়’—এই স্লোগান প্রতিপাদ্য করে ২৪তম জাতীয় কবিতা উত্সবের উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য কবিরা উপস্থিত ছিলেন।জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবিতা উত্সবের আহ্বায়ক কবি আসাদ চৌধুরী, পশ্চিমবঙ্গের খ্যাতিমান কবি সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেন্দ্র সেন গুপ্ত, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানী, কবি রবীন্দ্র গোপ, তারিক সুজাত প্রমুখ বক্তৃতা করেন।উদ্বোধক সৈয়দ শামসুল হক দেশ, জাতি, মাটি ও মানুষের দৃপ্ত আকাঙ্ক্ষাকে কবিতায় নতুন করে তুলে ধরার জন্য তরুণ প্রজন্মের কবিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভাষা, দেশ ও জাতির চরম দুঃসময়ে কবিরাই বারবার সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কবিরা সব সময়ই জাতিকে অন্ধকার থেকে বেরিয়ে আসার পথে আলোর মশাল প্রজ্বলিত করেছেন, সব বাধা অতিক্রম করে সত্য ও ন্যায়ের পথে এগিয়েছেন।উল্লেখ্য, দুই দিনব্যাপী এ কবিতা উত্সবে তিন শতাধিক কবি কবিতা পাঠের জন্য তালিকাভুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া ও কুয়েত প্রবাসী ভাষাভাষী কবিরা এ উত্সবে কবিতা পাঠে অংশ নিচ্ছেন বলে আয়োজকেরা জানিয়েছেন। এ ছাড়া ভারতের সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, অমিতাভ চৌধুরী, রাতুল দেব বর্মণ, দীপ মুখোপাধ্যায়, তাপস রায়, বিথী বন্দ্যোপাধ্যায়, শ্যামল কান্তি দাশ, সন্তোষ রায়, অমৃত মাইতি, সত্যজিত্ মণ্ডল, মোহর চট্টোপাধ্যায় ও সাথী চট্টোপাধ্যায় অংশগ্রহণ করছেন।উত্সব উদ্বোধনের আগে সকাল ১০টায় কবিদের অংশগ্রহণে বের হয় শোভাযাত্রা। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কবিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর মূল অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, একুশের গান ও উত্সব সংগীত পরিবেশন করেন শিল্পীরা। সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিকেল তিনটা থেকে কবিতা পাঠ শুরু হয়। বৈকালিক অধিবেশনে স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা।