কবি ও উপাচার্য আশরাফ হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কবি ও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন আর নেই। গতকাল রোববার দুপুরের দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০।গতকাল বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যাপক আশরাফের প্রথম জানাজা হয়। পরে বাংলা একাডেমী প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, আজ সোমবার সকাল নয়টায় ত্রিশালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা হবে। এরপর গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জয়নগর গ্রামে আবারও জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অধ্যাপক আশরাফ হোসেনের মৃত্যুতে গতকাল বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।গত ৬ মে অধ্যাপক আশরাফ কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।