কবি ও উপাচার্য আশরাফ হোসেনের দাফন সম্পন্ন
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেনের লাশ গতকাল সোমবার তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।এর আগে গতকাল বেলা সোয়া ১১টার দিকে তাঁর লাশবাহী গাড়ি ঢাকা থেকে ত্রিশালের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সব বিভাগের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরাও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর তাঁর লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীর জয়নগর গ্রামে। সেখানে বিকেল পাঁচটায় শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উপাচার্য আশরাফ হোসেনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।গত রোববার দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রোববার বাদ আসর তাঁর প্রথম জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং দ্বিতীয় জানাজা বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে সর্বজনের শ্রদ্ধা জ্ঞাপন শেষে লাশ বারডেমের হিমাগারে রাখা হয়।