কবি ও কবিতা উৎসব
কবি ও কবিতা নিয়ে বর্ণাঢ্য আলোচনা, স্মৃতিচারণা, ভরপুর আড্ডা আর একসঙ্গে খাওয়া—সব মিলিয়ে জমে উঠেছিল কবি ও কবিতা উৎসবের আয়োজন। এই আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয় তখনই, যখন ঘোষণা আসে, ‘আজ কবি মাকিদ হায়দারের ৬৭তম জন্মদিন’।
গতকাল শনিবার বগুড়া লেখক চক্রের আয়োজনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাসুবিহারে অনুষ্ঠিত এ উৎসবে সারা দেশ থেকে আসা অর্ধশতাধিক কবির উপস্থিতি প্রাণবন্ত করে তোলে পরিবেশ। দুপুর ১২টায় দিকে ভাসুবিহারের প্রাচীন স্থাপত্যের নিদর্শন বিশ্ববিদ্যালয়ের পাশে বসে জমজমাট কবি-আড্ডা। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে কবি-আড্ডা, কবিতা, কৌতুক ও গানে অংশ নেন মাকিদ হায়দার, তৌহিদুর রহমান, সুজন হাজারী, রফিকুর রশীদ, আমিনুল ইসলাম, সাজাহান সাকিদার, প্রদীপ ভট্টাচার্য, আদিত্য অন্তর, প্রদীপ মোহন্ত, আবদুর রউফ, জে এম রউফ, হাবীবুল্লাহ্, শাহানা সিরাজী, নাজমুল হাসান, সানাউল্লাহ সাগর, ঈশান সামী, এহসান হাবীব, মিজানুর রহমান, রবু শেঠ, এমরান হাসান প্রমুখ।