কবি ওমর আলীর ইন্তেকাল
ষাটের দশকের অন্যতম জনপ্রিয় কবি ওমর আলী আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
গতকাল রাত সাড়ে আটটায় কবিকে তাঁর নিজ গ্রাম কোমরপুরের ঈদগাহ মাঠে জানাজা শেষে পাবনার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা ছিল।
কবি ওমর আলীর জন্ম ১৯৩৯ সালের ২০ অক্টোবর পাবনা জেলার চর শিবরামপুর গ্রামে। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এবং ১৯৭৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বগুড়ার নন্দীগ্রাম কলেজে ইংরেজির প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৯৯ সালে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যাপক অবস্থায় অবসরে যান তিনি।
বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে দীর্ঘদিন নিয়মিত কবিতা লিখেছেন ওমর আলী। কবিতা ও উপন্যাস মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশত। ‘এ দেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি’ কাব্যগ্রন্থের জন্য ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া তিনি বন্দে আলী মিয়া পদক, আলাওল পদক, আবুল মনসুর আহমদ পদক, রাজশাহী বিভাগীয় গুণীজন সম্মাননা পদকসহ বহু সম্মাননা পেয়েছেন।