কবি কাজী আবু জাফর সিদ্দিকীর ইন্তেকাল
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক (ডিজি), নজরুল গবেষক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর সিদ্দিকী গত সোমবার রাত সোয়া দুইটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আত্মীয় কাজী আবু জাফর সিদ্দিকী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল দুপুরে প্রথমে বিটিভি ও পরে পূর্ব রামপুরায় নিজ বাসভবন-সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়। পরে জুরাইনে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।কাজী আবু জাফর সিদ্দিকীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আব্দুল হামিদ ও ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলা একাডেমী, ছায়ানট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গীতিকবি পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক প্রকাশ করেছে। বাসস।