কবি কায়সুল হক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়সুল হক
কায়সুল হক

প্রখ্যাত কবি কায়সুল হক আর নেই। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
কায়সুল হক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর ক্যানসার ধরা পড়ে। পরে তাঁকে ক্যানসার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একটু সুস্থ হওয়ার পর কায়সুল হক বাসায় ফিরে আসেন। কিন্তু গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা হয়। আজ রোববার সকালে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান শোক প্রকাশ করেছেন।
কবি কায়সুল হক ১৯৩৩ সালের ২৯ মার্চ অবিভক্ত বাংলার মালদহে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবর নাম দবিরউদ্দিন আহমদ ও মা জিন্নাতুননেসা। তাঁর পৈতৃক নিবাস রংপুর। তাঁর শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে রংপুরে। কর্মজীবন কাটে ঢাকায়। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি তিন ছেলে ও এক কন্যাসন্তানের জনক ছিলেন। ১৯৫০ সালে দৈনিক আজাদ-এ তাঁর প্রথম কবিতা ‘আজ’ প্রকাশিত হয়। পঞ্চাশের দশকের বিউটি বোর্ডিং সাহিত্যচক্রের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন তিনি।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে শব্দের সাঁকো, রবীন্দ্রনাথের নিরুপম বাগান, আলোর দিকে যাত্রা, অনিন্দ্য চৈতন্য, অধুনা, সবার পত্রিকা, কালান্তর ও শৈলী। কবিতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১), সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৫), ড. আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার (২০০০) লাভ করেন।