কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ছিলেন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ছিলেন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর কবিতায় একদিকে নৈতিক মূল্যবোধ, অন্যদিকে দেশপ্রেমের চমৎকার সমন্বয় ঘটেছে।
কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের শততম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাস মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, কবির কাব্যগ্রন্থ সদ্ভাবশতক শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাঁর এই অসামান্যতাকে আজ আমরা প্রায় ভুলতে বসেছি। এ জন্য প্রতিবছরই রাষ্ট্রীয়ভাবে কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। তাঁরা কবিকে খুলনার ঐতিহ্য ও সংস্কৃতির গর্ব বলে অভিহিত করেন।
খুলনা জেলা প্রশাসন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আরও ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রমুখ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মো. আবদুল্লাহ।
সেমিনার ছাড়াও অতিথিরা বিকেলে কবির জন্মস্থান দিঘলিয়া উপজেলার সেনহাটি পরিদর্শন করেন। সন্ধ্যায় নগরের জিয়া হল প্রাঙ্গণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবির মৃত্যুবার্ষিকী উদ্যাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় কবিতা পরিষদ খুলনা কমিটি। কমিটির সভাপতি দুখু বাঙাল বলেছেন, কবি ১৯০৭ সালের ১২ জানুয়ারি মারা যান। সেই হিসাবে ২০০৭ সালের ১২ জানুয়ারি তাঁর মৃত্যুর ১০০ বছর পূর্ণ হয়েছে। সেখানে ২০১৪ সালে কবির শততম মৃত্যুবার্ষিকী উদ্যাপন করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে অন্যতম আয়োজক জেলা প্রশাসক আনিস মাহমুদ গতরাতে প্রথম আলোকে বলেন, এটা কবির শততম মৃত্যুবার্ষিকী উদ্যাপন। তাই এটা দু-চার বছর পরেও করা যায়। এ নিয়ে কোনো সমস্যা নেই।