কবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কোমায়
পল্লীকবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীর (৯০) অবস্থা গুরুতর। গতকাল রোববার দুপুরে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি কোমায় রয়েছেন। গত শনিবার আসমানী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। এই টিমের আহ্বায়ক ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার।সিভিল সার্জন গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, মেডিকেল টিম গতকাল বেলা ১১টার দিকে দ্বিতীয় দফায় আসমানীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। এতে স্ট্রোক করার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। সিভিল সার্জন বলেন, আসমানীর সিটিস্ক্যান করা প্রয়োজন। এই সুবিধা জেনারেল হাসপাতালে নেই। তাই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আসমানীর চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানীকে নিয়ে কবি জসীমউদ্দীন ‘আসমানী’ কবিতাটি লেখেন।