কবি জীবনানন্দের কলেজ দক্ষিণাঞ্চলের অহংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে আড্ডায় মেতেছেন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে আড্ডায় মেতেছেন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

‘বাংলার মুখ আমি দেখিয়াছি/ তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’—বরিশালের রূপবৈচিত্র্যে মুগ্ধ হয়েই এই কবিতা লিখেছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। নির্জনতার এই কবি ব্রজমোহন কলেজের শিক্ষক ছিলেন। ঐতিহ্যবাহী তাঁর বিদ্যাপীঠই আজ দেশের অন্যতম সেরা কলেজের স্বীকৃতি পেয়েছে।
জাতীয় পর্যায়ে যে পাঁচটি কলেজকে সেরা হিসেবে ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তার একটি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। হয়েছে বিভাগ-সেরাও।
২৮ হাজার শিক্ষার্থীর পদচারণে মুখরিত বিএম কলেজের রয়েছে বর্ণিল ঐতিহ্য। কেবল শিক্ষা কার্যক্রম নয়, সংস্কৃতিচর্চায়ও এগিয়ে শিক্ষার্থীরা। ৪৭ থেকে ৫২-র ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিসংগ্রামে কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেন।
দেশ ও বিভাগ-সেরার স্বীকৃতি পাওয়ার আনন্দে এখন ভাসছেন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনার, জীবনানন্দ দাশ চত্বর, জিরো পয়েন্ট, মুক্ত মঞ্চ—সর্বত্র শিক্ষার্থীদের পদচারণ। কলেজ মিলনায়তনে চলছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবার মুখে একই কথা—দেশসেরা হওয়ার গল্প। বলছেন, শিক্ষার পরিবেশ, ভালো ফলাফল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সাফল্য রয়েছে এই কলেজের। তারই পুরস্কার হচ্ছে আজকের সেরার স্বীকৃতি।

কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমা জান্নাত বলেন, ‘ইচ্ছা ছিল কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু হয়নি। অনেক হতাশা নিয়ে বিএম কলেজে ভর্তি হই। যখন জানতে পারলাম, সারা দেশের মধ্যে সেরা পাঁচে আছে আমার কলেজ, তখন সব হতাশা দূর হয়ে গেছে। আমি আমার কলেজের জন্য গর্বিত।’

হিসাববিজ্ঞান বিভাগের চূড়ান্ত পর্বের ছাত্র মো. মারুফ হোসেন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুন্দর সম্পর্ক আমাদের কলেজকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।’ একই বিভাগের ছাত্র রোকন ব্যাপারী বলেন, ‘শুধু শিক্ষা নয়, শিক্ষকেরা সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে সহযোগিতা দিচ্ছেন। যার ফসল সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া।’

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তাঁর বাবার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৮৮৯ সালের ১৪ জুন বিএম স্কুল কম্পাউন্ডে চালু করা হয় কলেজের শিক্ষা কার্যক্রম। কয়েক বছর পর এটি স্থানান্তরিত হয়। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল বিএম কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানটি। ১৯৬৫ সালে এটি সরকারি করা হয়।

৬০ একর সম্পত্তির ওপর নির্মিত এ কলেজে বর্তমানে ২২টি বিষয়ে স্নাতক ও ১৯ বিষয়ে স্নাতকোত্তর পাঠদান চালু আছে। এর সঙ্গে বিএ পাস, বিএসএস ও বিএসসি চালু রয়েছে। বর্তমানে ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষক আছেন ১৯৮ জন।

চিরসবুজ এই কলেজ ক্যাম্পাসে মোট আটটি বহুতল একাডেমিক ভবনে পাঠদান চলে। ক্যাম্পাসজুড়ে রয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জাম, জারুল, রঙ্গন, মেহগনিগাছ। বোটানিক্যাল গার্ডেনে আছে বিরল প্রজাতির নাগলিঙ্গমসহ নানা প্রজাতির ফুলের গাছ। এসব গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে ভবনগুলো। ছাত্রছাত্রীদের জন্য আছে সাতটি ছাত্রাবাস। এর মধ্যে চারটি ছাত্রদের ও তিনটি ছাত্রীদের। আসনসংখ্যা ১ হাজার ৬৩০টি।

কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াস ব্রজমোহন কলেজ। তাঁর প্রমাণ আবারও পাওয়া গেছে। কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হচ্ছেন। কেবল দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি পুরো দক্ষিণাঞ্চলের মানুষের অহংকারও।

কলেজের অধ্যক্ষ আরও বলেন, ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলন, অসহযোগ আন্দোলন, ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ছয় দফা, ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ৭১-এর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক শিক্ষার্থী বিশেষ ভূমিকা রেখে চলেছেন। কবি জীবনানন্দ দাশ এই কলেজের শিক্ষক ছিলেন। এখনো দেশ-বিদেশের পর্যটকেরা আসেন জীবনানন্দ দাশের এই কলেজ দেখার জন্য।