কবি নজরুল ইসলাম হলে দুর্বৃত্তদের গুলি ও ককটেল, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল ইসলাম হলে গতকাল বুধবার একদল দুর্বৃত্তের গুলিবর্ষণ ও ককটেল ছুড়ে মারার ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। শহরের ধর্মপুর এলাকায় কলেজের স্নাতক শাখার ক্যাম্পাসে ওই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হলের সামনে থেকে তিনটি সাইকেল নিয়ে যায় এবং রামদা দিয়ে সুপারিগাছ কেটে ফেলে। এই হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা দুপুর দুইটা থেকে বিকেলে চারটা পর্যন্ত দুই ঘণ্টা ধর্মপুর-দৌলতপুর সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কবি নজরুল ইসলাম হলের ছাত্রদের ভাষ্য, গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ধর্মপুর এলাকার চিহ্নিত ছিনতাইকারী মোক্তারবাড়ির রিয়াদ কলেজের ফটক থেকে হলের ছাত্র আনোয়ার হোসেনের মুঠোফোনসেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে হলের ছাত্ররা রিয়াদকে ধরে পিটুনি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রিয়াদ ও একই এলাকার খানবাড়ির রোমেলের নেতৃত্বে কমপক্ষে ২৫ জন ছিনতাইকারী ওই কলেজের ক্যাম্পাসে অস্ত্রসহ প্রবেশ করে। তারা কবি নজরুল ইসলাম হলের ছাত্রদের খুঁজতে থাকে। এ সময় হলের ছাত্ররা সংঘবদ্ধ হয়ে কলেজ থেকে তাদের তাড়িয়ে দেন। ঘটনার প্রতিবাদে কলা ভবনের সামনে থেকে হলের ছাত্ররা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা হলে ফিরে যান।ছাত্রদের ভাষ্য, দুপুর দেড়টার দিকে রিয়াদ ও রোমেলসহ ধর্মপুর এলাকার হাসান, সাঈদ, জনি, সুজন, জসিম, জুয়েল, পিচ্চি আরিফ, আশিক, আজহার ও পিচ্চি জাকিরসহ ৪০-৫০ জন গিয়ে কবি নজরুল ইসলাম হলের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা চালায়। এ সময় তারা সাতটি গুলি করে এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুনকে মাথায় ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহনের বাঁ হাতে কোপ দেয়। তাদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হন। আহত অন্যরা হলেন জাহিদ, সজল, পারভেজ, সুমন, সোহাগ, রাফি, নাহিদ ও সৈকত। কুমিল্লা শহরের বিভিন্ন ক্লিনিকে তাঁদের ভর্তি করা হয়।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ছিনতাইকারীরা হলের ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে। চক্রটি দীর্ঘদিন ধরে মুঠোফোনসেট ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি জসিম খান বলেন, হলের ছাত্রদের মোহসিন সব সময় সহযোগিতা করে থাকেন। এ ঘটনায় তিনি জড়িত নন। ছাত্রলীগের কবি নজরুল ইসলাম হল শাখার সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারীদের উৎপাতে আমরা অতিষ্ঠ। ওরা আমাদের হত্যা করতে গুলি করে।’ হলের প্রাধ্যক্ষ রসায়ন বিভাগের প্রধান মিরাজুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেব।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম শামীমা আক্তার বলেন, বহিরাগতরা কলেজের ছাত্রাবাসে এসে গুলি করেছে। ওদের কাছে শিক্ষার্থীরা জিম্মি।