কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গতকাল রোববার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গত শনিবার প্রথম আলোর শেষের পাতায় ‘প্রতিকূল পরিবেশে শিক্ষিকা-ছাত্রীরা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এই খবরে প্রকাশিত শিক্ষিকা ও ছাত্রীদের হয়রানিসংক্রান্ত তথ্য সঠিক নয় দাবি করে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেন। জানা যায়, ইংরেজি বিভাগ ও সংগীত বিভাগের কিছু শিক্ষার্থী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় অন্যান্য বিভাগের কিছু শিক্ষার্থী তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁদের কয়েকজন প্রথম আলো পত্রিকার কয়েকটি কপিতে আগুন ধরিয়ে দেন। মিছিল শেষে তাঁরা শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও ছাত্রীদের জড়িয়ে যৌন হয়রানিসংক্রান্ত বিভ্রান্তিকর ও আপত্তিকর সংবাদ প্রথম আলোয় প্রকাশ করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই।’ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আইনুল ইসলাম বলেন, প্রথম আলোয় প্রকাশিত খবরটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে। শিক্ষার্থীরা বিষয়টি মেনে নিতে পারছেন না বলে প্রতিবাদ করেছেন।