কবি নজরুলকে নিয়ে রাজনীতি আরএসএসের
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘ভালো হিন্দু’র একজন দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত।
আরএসএসের ভাষ্যমতে, ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতা এবং হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার চেষ্টার মধ্য দিয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলাম তাঁর দেশাত্মবোধের প্রতিফলন ঘটিয়েছেন। এটাই তাঁকে ‘ভালো হিন্দুর পরিচিতি’ এনে দিয়েছে।
আরএসএসের পশ্চিমবঙ্গ শাখার সেক্রেটারি জিষ্ণু বাশু দাবি করেন, ‘হিন্দু হওয়াটা ধর্মচর্চার বিষয় নয়, এটা একটা জীবনযাত্রার পথ। কবি নজরুল তাঁর নিজের ধর্ম ইসলাম পালন করলেও একজন উৎসর্গপ্রাণ হিন্দুর মতো জীবনযাপন করেছেন; লড়াই করেছেন ভারতীয় সংস্কৃতির জন্য ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে।’
বাশু আরও বলেন, ‘হিন্দুত্ববাদকে অনেকেই ভালোভাবে বোঝেন না। আমি বলব, যখন আরএসএস হিন্দুত্ববাদের কথা বলে তখন এটা সাম্প্রদায়িক ভাবনার এই দীক্ষা বোঝায় না যা মুসলিমদের উৎখাত করতে চায়। আমি লোকজনকে বলব, নজরুল একজন ভালো হিন্দু ছিলেন, কেননা তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী।’
কবি নজরুলের প্রতি সম্মান জানাতে আরএসএস আগামী ২৫ মে পশ্চিমবঙ্গে তাঁর জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্যাপনের পরিকল্পনা করছে। নজরুল ইসলামের সাহিত্যকর্ম ভারতের সব ভাষায় অনুবাদ করবে বলেও জানিয়েছে সংগঠনটি। তাঁর ৩৯টি কবিতা হিন্দিতে অনুবাদ করে চলতি বছরের শেষ নাগাদ প্রকাশের আশাও ব্যক্ত করেছে তারা।
কবি নজরুল ইসলামকে নিয়ে আরএসএসের ওই নেতার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কবি নজরুল একই সঙ্গে অনেক সত্তা ধারণ করেছেন। তিনি অবিভক্ত ভারতকে ভালোবেসেছেন, তিনি বাঙালি, তিনি মুসলমান। তিনি বিশ্বমানবতার অংশ। তাঁকে নিয়ে এ ধরনের বক্তব্য তাঁকে অবমূল্যায়ন করার অপচেষ্টা। এটা প্রশংসা নয়। সংকীর্ণ মানসিকতা দিয়ে তাঁকে উপলব্ধি করাও সম্ভব নয়।