
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গতকাল সোমবার বিকেলে নগরীর ২ নম্বর রেলগেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুজাউদ্দিন আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক জাহেদুল হক, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সুলতানা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, কবি নজরুলের কাব্যপ্রতিভা বিকশিত হয়েছিল বহুমুখী ধারায় বিচিত্রভাবে স্বকীয়তায় সম্পূর্ণ ও বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিতরূপে। তার স্বাক্ষর রয়েছে সর্বত্র। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতি-আলেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, গায়ক, বাদক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা পরিচালক, অভিনেতা, চলচ্চিত্র কাহিনিকার ও পরিচালক। তিনি পরাধীন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আপসহীন ধারার প্রতিনিধি ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, ‘কারার ঐ লৌহ-কবাট/ ভেঙে ফেল্ কর্রে লোপাট’—১৯২২ সালে নজরুলের এই গান ইংরেজ শাসকেরা বাজেয়াপ্ত করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতের মুক্তির জন্য তিনি শুধু ক্ষুরধার এই লেখনী নয়, প্রত্যক্ষভাবে লড়াইয়ে অংশও নেন। অথচ আজকের শাসকগোষ্ঠী একদিকে নজরুলকে স্মরণ করে, আরেক দিকে মার্কিন-ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে দেশের সম্পদ গ্যাস-কয়লা তুলে দেয় তাদের হাতে। শুধু তা-ই নয়, সাম্রাজ্যবাদী কোম্পানির স্বার্থে সুন্দরবন ধ্বংস হবে জেনেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
বক্তারা বলেন, কবি নজরুলকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপনের একটা হিড়িক চলছে। কেউ কেউ তাঁকে মুসলিম কবি হিসেবে উপস্থাপন করেছেন। এসব বিভ্রান্তি দূর করে সঠিকভাবে নজরুলকে উপস্থাপন করার জন্য সব মহলের প্রতি আহ্বান জানান তাঁরা।
আলোচনা শেষে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সংগীতজ্ঞ রামকুমার মল্লিক, ইকবাল সুমন, এ আর পরাগ ও চারণের শিল্পীরা।