কবি নজরুলের আদর্শ অনুসরণ করতে হবে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক৷
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কবির ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শোভাযাত্রা করে কবির মাজারে গিয়ে পুষ্প অর্পণ ও ফাতিহা পাঠ করা হয়৷
আরেফিন সিদ্দিক বলেন, নজরুল মানুষে-মানুষে, ধর্মে-ধর্মে কোনো ভেদাভেদ দেখেননি৷ তাই কবি নজরুলের মানবতাবাদী চেতনা, সাম্য ও মুক্তবুদ্ধির ধারণায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে৷ তিনি বলেন, আজকে ধর্মকে ব্যবহার করে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারীরা প্ররোচনা দিয়ে জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে জড়িয়ে পড়ছেন৷ তাই শুধু পরীক্ষায় পাসের জন্য নয়, নজরুলচর্চা করতে হবে দেশপ্রেমকে উজ্জীবিত করার জন্য৷ উপাচার্যের সভাপতিত্বে নজরুল গবেষক ও ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷