কবি নির্মলেন্দু গুণের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার

কবি নির্মলেন্দু গুণের হৃদ্যন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিন ঘণ্টায় অস্ত্রোপচারটি সুষ্ঠুভাবে শেষ হয়।
ল্যাবএইড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন লুৎফর রহমানের নেতৃত্বে জ্যেষ্ঠ হৃদ্রোগবিশেষজ্ঞ অধ্যাপক বরেন চক্রবর্তীসহ পাঁচজনের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচার শেষে কবিকে প্রথমে অপারেশন থিয়েটারের পোস্ট অপারেটিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। এরপর সন্ধ্যায় তাঁকে কার্ডিয়াক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।
সন্ধ্যায় লুৎফর রহমান প্রথম আলোকে জানান, ‘আমরা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে পেরেছি। এর মাধ্যমে কবির হৃদ্যন্ত্রে বিদ্যমান তিনটি ব্লক বাইপাস সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়েছে। শুরু থেকেই তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন সবকিছুই ভালো আছে।’ তিনি জানান, অন্য কোনো জটিলতা না থাকলে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের ভেতরে তিনি বাড়ি ফিরতে পারবেন।
নির্মলেন্দু গুণের অস্ত্রোপচারের জন্য ‘ও’ পজিটিভ রক্ত চেয়ে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর এলে গতকাল সকাল থেকেই রক্তদাতাদের ভিড় জমে হাসপাতালে। এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কবির অনেক ভক্ত হাসপাতালে উপস্থিত হন। এর মধ্যে শতাধিক মানুষ কবিকে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করে। গতকাল কবিকে দেখতে হাসপাতালে আসেন সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের অনেকেই। এ ছাড়া কবির পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়ে মৃত্তিকা গুণ ও ছোট ভাই শৈবেলেন্দু গুণ।
গত শনিবার দুপুরে কবি নির্মলেন্দু গুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বিকেলে ল্যাবএইডে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাঁকে স্থানান্তর করা হয় আইসিইউতে। তিনি অধ্যাপক বরেন চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন।