কবি বাড়ি ফিরেছেন
কবি নির্মলেন্দু গুণ হৃদ্যন্ত্রে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। তবে তাঁর শরীর এখনো দুর্বল। দর্শনার্থীদের সাক্ষাৎ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল বুধবার কবি প্রথম আলোকে বলেন, গত শনিবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুসারে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। রোগমুক্তির জন্য দেশবাসী তাঁর জন্য যে প্রার্থনা করেছেন এবং যাঁরা রক্ত দিতে এসেছিলেন, সে জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা সাহিত্যের নন্দিত কবি নির্মলেন্দু গুণ ১১ অক্টোবর শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরের দিন রোববার তাঁকে চিকিৎসার জন্য জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর তাঁকে ল্যাবএইড হাসপাতালে হৃদ্রোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালের প্রধান শল্যচিকিৎসক লুৎফর রহমানের নেতৃত্বে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়।