বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফের ৯১তম জন্মবার্ষিকী শনিবার রাতে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মু. আ. লতিফের সভাপতিত্বে এতে আলোচনা করেন কবি আসাদ চৌধুরী, মাহবুবুল আলম, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, আবু খালেদ পাঠান, নাসির উদ্দিন ফারুকী, জাহাঙ্গীর আলম প্রমুখ।বক্তারা বলেন, ‘আমাদের শেকড়ের সন্ধান করতে, মানবিক মূল্যবোধ ও সুন্দরের চর্চা করতে হলে কবি মনিরউদ্দীন ইউসুফের সাহিত্যের কাছে আমাদের বারবার যেতে হবে।’কিশোরগঞ্জের কৃতী সন্তান মনিরউদ্দীন ইউসুফের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: উপায়ন (১৯৪১), রাত্রি নয় কলাপী ময়ূর নয় (১৯৭৬), একঝাঁক পায়রা (১৯৮৮), আবদুল হাই সিকদার সম্পাদিত মনিরউদ্দীন ইউসুফের অগ্রন্থিত কবিতা (১৯৯০), বেলাল চৌধুরী সম্পাদিত কাব্যসমগ্র (২০১০)। তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে: ঝড়ের রাতের শেষে, পনসের কাঁটা, ওর বয়েস যখন এগারো। নাটক ঈশা খাঁ। অনুবাদ উপন্যাস ইকবালের কাব্য সঞ্চয়ন, দীওয়ান-ই-গালিব, কালামে রাগীব, গালিবের কবিতাসহ ২৫টি প্রবন্ধ।মনিরউদ্দীন ইউসুফ আলোমতি, তানসেন, তীরভাঙ্গা ঢেউ ইত্যাদি চলচ্চিত্র, কাহিনি, সংলাপ ও গীত রচনা করেন।১৯৬৮ সালে মনিরউদ্দীন ইউসুফ গভর্নর স্বর্ণপদক ও হাবিব ব্যাংক সাহিত্যপদক লাভ করেন। ১৯৭৮ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৯৩ সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।পরে অনুষ্ঠানের মাধ্যমে মনিরউদ্দীন ইউসুফ পদক দেওয়া হয় বিশিষ্ট শিশুসাহিত্যিক দেলওয়ার বিন রশিদকে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাব্বির আলী, শামীম জামান, কবি বাঁধন রায়, ম ম জুয়েল, হারুন আল রশিদ, সামিউল হক মোল্লা, ইনামুল হক, বাসিরুল আমিন, মাহবুবা খান প্রমুখ।