কবি মোস্তফা মীর আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মোস্তফা মীর
কবি মোস্তফা মীর

কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মোস্তফা মীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সত্তর দশকের অন্যতম জনপ্রিয় কবি মোস্তফা মীর বেশ কিছু দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মোস্তফা মীরের জন্ম ১৯৫২ সালে রাজবাড়ী জেলার বড় লক্ষ্মীপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে গবেষক পদে চাকরি নেন। পরে বিভিন্ন বেসরকারি সংস্থায় দীর্ঘদিন কাজ করেছেন। শেষ দিকে তাঁর পেশা ছিল লেখালেখি। আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক খলিল জিবরানের রচনাবলিসহ বহু ধ্রুপদি সাহিত্য অনুবাদ করেছেন তিনি।

মোস্তফা মীরের উল্লেখযোগ্য বই ‘গোলাপের পাশে মুখ’, ‘ছায়ার মতো একটি মানুষ’, ‘তোমার লাবণ্যে বড় সুখ’, ‘বর্ষা মঙ্গল (কবিতা), ‘আঘ্রাণের ঘ্রাণ’, ‘কুকুরকুঞ্জ’, ‘তোমাকে চাই’, ‘এখানে স্বপ্ন বিক্রি হয়’।